১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৩৯:০৫ অপরাহ্ন


মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে তারেক রহমানের সফরের ভিডিও, আবহ সংগীতে হাবিবের ‘মহাজাদু’
বিনোদন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৬-২৩ ১৭:৩৯:৪১
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে তারেক রহমানের সফরের ভিডিও, আবহ সংগীতে হাবিবের ‘মহাজাদু’


দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় সম্পর্ক ও একান্ত বৈঠকসহ পুরো সফরের বিভিন্ন মুহূর্ত নিয়ে একটি বিশেষ ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে। বর্তমানে এই ভিডিওটি ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এই আলোচনার মূল কারণ হলো, ভিডিওটির আবহ সংগীত হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গাওয়া ‘মহাজাদু’ গানটি। আন্তর্জাতিক কোনো রাষ্ট্রীয় সফরের ভিডিওতে বাংলা গানের এমন ব্যবহার দুই দেশের সাংস্কৃতিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে।

ভিডিওতে ব্যবহৃত ‘মহাজাদু’ গানটি মূলত ‘কোক স্টুডিও বাংলা’র তৃতীয় মৌসুমের ষষ্ঠ গান এবং এই প্ল্যাটফর্মে এটিই হাবিব ওয়াহিদের প্রথম গান। গানটিতে হাবিবের সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন তাজিকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী মেহরনিগরি রুস্তম। প্রায় এক দশকের ক্যারিয়ারে ‘গুল’, ‘নিগিন আনোর’ এবং ‘আনার আনার’-এর মতো বেশ কয়েকটি আলোচিত গান উপহার দেওয়া এই তাজিক শিল্পীর মেলোডি এবং হাবিবের সুরের যুগলবন্দি ভিডিওটিকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে। গানটির চমৎকার কথাগুলো লিখেছেন প্রখ্যাত বাউল সাধক দুর্বিন শাহর শিষ্য কবি খোয়াজ মিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পেজে ভিডিওটি প্রকাশের মাত্র চার ঘণ্টার মধ্যে তা ১২ লাখের বেশিবার দেখা হয়েছে। এছাড়াও ১৫ হাজারের বেশি শেয়ার এবং সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ এতে মন্তব্য করে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

প্রকাশিত এই ভিডিও চিত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় উষ্ণ অভ্যর্থনা জানানো থেকে শুরু করে তাঁর পুরো সফরের গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। উল্লেখ্য, মালয়েশিয়ায় দুই দিনের অত্যন্ত ফলপ্রসূ সরকারি সফর শেষে গতকাল সোমবার (২২ জুন) বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি দালিয়ানের উদ্দেশে যাত্রা করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পেজে বাংলাদেশের গান সংবলিত এই ভিডিওটি দুই দেশের মধ্যকার সুগভীর সম্পর্ক ও বন্ধুত্বের এক চমৎকার প্রতীক হিসেবে দেখছেন নেটিজেনরা।