২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে ফিফা। তরুণ দর্শকদের আরও কাছে টানতে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি সম্পন্ন করেছে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। ফিফা এই চুক্তিকে ‘গেম-চেঞ্জিং পার্টনারশিপ’ হিসেবে অভিহিত করেছে, যার মূল লক্ষ্য হলো প্রথাগত টেলিভিশন দর্শকদের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শকদেরও সম্পৃক্ত করা। এই চুক্তির ফলে বিশ্বকাপের সম্প্রচারস্বত্বধারী প্রতিষ্ঠানগুলো তাদের ইউটিউব চ্যানেলে ম্যাচের গুরুত্বপূর্ণ অংশবিশেষ সরাসরি দেখাতে পারবে। বিশেষ করে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ম্যাচগুলোর প্রথম ১০ মিনিট ‘টিজার’ হিসেবে প্রচার করার জন্য উৎসাহিত করা হচ্ছে, যাতে করে তরুণ দর্শকরা আকৃষ্ট হয়ে পরবর্তীতে মূল মাধ্যমে পুরো ম্যাচটি দেখতে আগ্রহী হয়।
ফিফা আরও জানিয়েছে যে, সম্প্রচারস্বত্বধারীরা চাইলে তাদের ইউটিউব চ্যানেলে বাছাই করা কিছু ম্যাচ সম্পূর্ণ সরাসরি সম্প্রচার করতে পারবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের যেমন সম্পৃক্ত করা যাবে, তেমনি বাকি ম্যাচগুলো কোন চ্যানেলে দেখা যাবে সেটিও প্রচার করা সহজ হবে। যদিও এই চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি, তবে ফিফা তাদের বিশাল ভিডিও আর্কাইভ থেকে ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্তগুলো ইউটিউবে শেয়ার করার প্রতিশ্রুতি দিয়েছে। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিতব্য এই বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই বিশাল আসরে বিশ্বজুড়ে ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অভূতপূর্ব প্রবেশাধিকার এবং কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে ফিফা, যা ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে এক নতুন মাত্রা যোগ করবে।