ভারতীয় শোবিজে বিয়ের ধুম লেগেছে। সম্প্রতি বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের খবরের রেশ কাটতে না কাটতেই এবার নতুন গুঞ্জন ডানা মেলেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে। জীবনের ৪৪ বসন্ত পেরিয়ে অবশেষে ‘বাহুবলি’ খ্যাত এই তারকা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। এই খবরে অনুরাগী থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক তোলপাড়।
ভারতীয় সংবাদমাধ্যম সিয়াসাত ডটকমের প্রতিবেদন অনুযায়ী, আনুশকা শেঠি কোনো সিনেমা জগতের মানুষ নন, বরং একজন ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, ওই ব্যবসায়ী অভিনেত্রীর পরিবারের পূর্ব পরিচিত এবং দুই পরিবারের সম্মতিক্রমেই বিয়ের আলাপ-আলোচনা বেশ অনেক দূর এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই চার হাত এক হতে পারে। তবে এই বিয়ে নিয়ে বরাবরই ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে চাওয়া আনুশকা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
দীর্ঘদিন ধরেই রূপালী পর্দায় প্রভাসের সঙ্গে আনুশকার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে ভক্তরা ধারণা করেছিলেন, বাস্তব জীবনেও হয়তো এই জুটিই সাতপাকে বাঁধা পড়বেন। এমনকি রাত ৩টার সময়ও ফোন করা যায় এমন ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা আনুশকা নিজেই আগে স্বীকার করেছিলেন। তবে প্রেমের গুঞ্জন বরাবরই উড়িয়ে দিয়েছেন তিনি। এখনকার পরিস্থিতি বলছে, প্রভাসের সঙ্গে নয়, বরং পারিবারিক পছন্দে ব্যবসায়ী বরের সঙ্গেই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তিনি।
শোনা যাচ্ছে, ধুমধাম করে নয় বরং একেবারেই ঘরোয়া পরিবেশে কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। দুই পরিবারের সদস্য এবং চলচ্চিত্র জগতের হাতেগোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এই আয়োজনে আমন্ত্রণ পেতে পারেন। যদিও বিয়ের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে দুই পরিবারের মধ্যে আলোচনার গভীরতা দেখে ঘনিষ্ঠ মহলের ধারণা, আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।