দেশের সাধারণ মানুষের পাতে ইলিশ পৌঁছে দিতে এবং মাছের উৎপাদন বাড়াতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। মন্ত্রী আশাপ্রকাশ করেন যে, বাজারে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলে দাম সাধারণ মানুষের নাগালে চলে আসবে।
দেশের ইলিশ সম্পদ রক্ষার লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এ বছর দেশের ২০টি জেলায় এই কর্মসূচি পালিত হবে এবং চাঁদপুরে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। জাটকা ধরা, কেনা-বেচা এবং মজুদ করা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, এই সপ্তাহ চলাকালে সমুদ্র থেকে শুরু করে বাজার পর্যন্ত সব জায়গায় প্রশাসনের কড়া নজরদারি বজায় থাকবে।
ভারতে ইলিশ পাঠানোর প্রসঙ্গে মন্ত্রী একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিষ্কার করেন। তিনি জানান, সরকার বাণিজ্যিকভাবে কোনো ইলিশ রপ্তানি করে না; বরং প্রতিবেশী দেশ ভারতে যা পাঠানো হয় তা মূলত সৌজন্যমূলক উপহার হিসেবে। আসন্ন পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সরকার প্রধান তথা প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত দেশের বাজারে ইলিশের পর্যাপ্ত যোগান নিশ্চিত করা এবং এই প্রাকৃতিক সম্পদের টেকসই উৎপাদন বজায় রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য।