১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৩:৪৮ অপরাহ্ন


ঈদে ভরপুর খেয়েও হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখবেন যেভাবে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৭ ১৭:৪২:৩৮
ঈদে ভরপুর খেয়েও হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখবেন যেভাবে ছবি: সংগৃহীত


ঈদের আনন্দ মানেই হরেক রকমের ভারী ও তেল-মসলাযুক্ত খাবার। তবে এসব খাবার বেশি খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে গিয়ে পেট ফাঁপা, বদহজম, পেটে ব্যথা এমনকি বমির মতো সমস্যা দেখা দিতে পারে। হজম একটি জটিল প্রক্রিয়া যেখানে শরীরের বাড়তি শক্তি ব্যয় হয়। অতিরিক্ত খাবার বা এনজাইমের ঘাটতির কারণে খাবার দীর্ঘ সময় পেটে জমা থাকলে অস্বস্তি বাড়ে। বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট ও ভাজাপোড়া খাবার গ্যাস ও অ্যাসিডিটির প্রধান কারণ। তাই সুস্থ থাকতে প্রতিটি খাবারের মাঝে অন্তত ২ থেকে ৩ ঘণ্টা বিরতি রাখা জরুরি।

ভারী খাবার খাওয়ার পর শরীরকে স্বস্তি দিতে আপনি নিচের পদক্ষেপগুলো নিতে পারেন:

পানির সঠিক ব্যবহার: খাবার খাওয়ার ৩০–৪০ মিনিট পর হালকা গরম পানি পান করা ভালো। এর সাথে সামান্য লেবুর রস ও এক চিমটি লবণ মিশিয়ে নিলে শরীরের টক্সিন বের হয় এবং বিপাকক্রিয়া বাড়ে। তবে খাওয়ার সময় বা পরপরই পানি পান করা থেকে বিরত থাকুন। এছাড়া চা বা কফি এড়িয়ে চলুন, কারণ এতে থাকা ক্যাফেইন ও ফেনোলিক যৌগ পুষ্টি শোষণে বাধা দেয়।

প্রোবায়োটিক ও পানীয়: ভারী খাবারের ১৫–২০ মিনিট পর টকদই খাওয়া হজমের জন্য দারুণ কার্যকর। দইয়ের সঙ্গে সামান্য ভাজা জিরা মিশিয়ে নিলে উপকার বেশি পাওয়া যায়। এছাড়া খাবারের শেষে বোরহানি, লাচ্ছি বা মাঠা পান করলে হজমে স্বস্তি মেলে।

প্রাকৃতিক ভেষজ উপাদান: আদার 'জিঞ্জেরল' উপাদান দ্রুত খাবার ভাঙতে ও বমি ভাব কমাতে সাহায্য করে। একইভাবে জিরা ভেজানো পানি পেটের গ্যাস কমাতে কার্যকর। এছাড়া খাওয়ার পর এক চা চামচ মৌরি চিবিয়ে খেলে হজমতন্ত্রের পেশি শিথিল হয় এবং অস্বস্তি কমে। দ্রুত হজমের জন্য এক গ্লাস পানিতে এক চা চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়েও পান করতে পারেন।

ফল ও ডিটক্স ড্রিংক: হজমশক্তি বাড়াতে পেঁপে বা আনারসের মতো এনজাইমসমৃদ্ধ ফল রাখা যেতে পারে। পেঁপের 'পাপাইন' ও আনারসের 'ব্রোমেলেন' প্রোটিন ভাঙতে সাহায্য করে। তবে আইবিএস রোগীদের ক্ষেত্রে এসব ফল বিকেলে বা সন্ধ্যায় খাওয়া নিরাপদ। এছাড়া লেবু, শসা, পুদিনা বা তেঁতুল মিশ্রিত ডিটক্স পানি শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে।

হালকা হাঁটাহাঁটি: খাবার খেয়েই শুয়ে না পড়ে অন্তত ১৫–২০ মিনিট হালকা হাঁটাহাঁটি করুন। এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে এবং হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

মনে রাখবেন, অতিরিক্ত ভারী খাবার শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। তাই পরিমিত খাদ্যাভ্যাসই ঈদের আনন্দ অটুট রাখার মূল চাবিকাঠি।