১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:০৪:৫৯ পূর্বাহ্ন


বরগুনায় রাস্তায় কুড়িয়ে পাওয়া দেড় লাখ টাকা নিয়ে যা করলেন যুবক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১২ ১৯:৩৯:০৪
বরগুনায় রাস্তায় কুড়িয়ে পাওয়া দেড় লাখ টাকা নিয়ে যা করলেন যুবক ছবি: সংগৃহীত


বরগুনার রাস্তায় কুড়িয়ে পাওয়া ১ লাখ ২৩ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় কাঁচামাল আড়তদার মো. বশির উদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বরগুনা শিল্পকলা একাডেমি এলাকায় যথাযথ প্রমাণ সাপেক্ষে টাকার মালিক স্কুলশিক্ষক মো. খলিলুর রহমানের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত গত বুধবার (১১ মার্চ) সকালে। বরগুনা পৌর শহরের সদর রোড দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্টেডিয়ামের কাছে রাস্তার পাশে একটি খাম পড়ে থাকতে দেখেন বশির উদ্দিন। খামটি খুলে ভেতরে বিপুল পরিমাণ টাকা দেখে তিনি অবাক হন। আশেপাশে দীর্ঘক্ষণ মালিকের খোঁজ করেও কাউকে না পেয়ে তিনি নিজ উদ্যোগে এলাকায় মাইকিং করান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচারের ব্যবস্থা করেন।

টাকার প্রকৃত মালিক বরগুনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. খলিলুর রহমান মাইকিং শুনে বশির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, যাকাতের জন্য গরু কিনতে এই টাকাগুলো আলাদা করে একটি খামে প্যান্টের পকেটে রেখেছিলেন, যা অসাবধানতাবশত রাস্তায় পড়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজি করে হতাশ হয়ে পড়া এই শিক্ষক নিজের হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “নগদ টাকা পেয়েও লোভ সামলানো বড় ঈমানের পরিচয়। বশির উদ্দিনের এই সততা সত্যিই প্রশংসনীয়।”

ব্যবসায়ী বশির উদ্দিন বিনয়ের সঙ্গে জানান, টাকা পাওয়ার পর তিনি প্রায় দুই ঘণ্টা ঘটনাস্থলে অপেক্ষা করেছিলেন মালিকের জন্য। পরে মাইকিং ও ফেসবুকের সাহায্য নিয়ে প্রকৃত মালিককে খুঁজে বের করেন। আজ আমানত সপে দিতে পেরে তিনি নিজেও তৃপ্ত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বশির উদ্দিনের এই নিঃস্বার্থ কাজের ভূয়সী প্রশংসা করছেন, যা বর্তমান সময়ে এক বিরল উদাহরণ হয়ে থাকবে।