১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৫:৫৫ অপরাহ্ন


'চাঁপাই এক্সপ্রেস' নাহিদ রানাকে নিয়ে আইসিসির পোস্ট
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১২ ১৭:৪২:১০
'চাঁপাই এক্সপ্রেস' নাহিদ রানাকে নিয়ে আইসিসির পোস্ট ছবি: সংগৃহীত


পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে গতির ঝড়ে লণ্ডভণ্ড করে দেওয়া বাংলাদেশি পেসার নাহিদ রানা এখন বিশ্ব ক্রিকেটের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে আইসিসি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে রানার একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘নাহিদ রানা উচ্চ গতিতে বোলিং করতে পারেন।’ ভিডিওটি ছিল মূলত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের, যেখানে ১৪৫ কিমি বেগে কেন উইলিয়ামসনকে আউট করেছিলেন রানা। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং মাত্র ৩ ঘণ্টায় আড়াই মিলিয়নের বেশি মানুষ সেটি দেখেন।

গতকাল পাকিস্তানের বিপক্ষে রানা ছিলেন রীতিমতো অপ্রতিরোধ্য। তার সর্বোচ্চ গতি ছিল ১৪৮.৩ কিলোমিটার। শুধু গতি নয়, বুদ্ধিদীপ্ত শর্ট বল আর লেংথ পরিবর্তনের জাদুতে তিনি ঘায়েল করেছেন মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগাদের মতো ব্যাটারদের। তার এমন পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন এবং সাবেক পেসার মোহাম্মদ আমির।

মাশরাফি বিন মর্তুজাকে ‘নড়াইল এক্সপ্রেস’ বা শোয়েব আখতারকে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলা হয়। রানার বোলিং দেখে ভক্তরা তাকে ‘চাঁপাই এক্সপ্রেস’ উপাধি দিতে শুরু করেছেন। তবে সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে বিনয়ী রানা হাসিমুখে বলেন, ‘আমি নিজেকে কোনো ব্র্যান্ডিং মনে করি না, সাধারণ মানুষ মনে করি। শুধু চেষ্টা করি কীভাবে দলের জন্য ভালো খেলা যায়।’

রানার এই দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ, যা তাকে পাইয়ে দেয় ম্যাচসেরার স্বীকৃতি।