১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০৯:৪২ অপরাহ্ন


ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৬ ১৫:০৭:৫৭
ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ ছবি: সংগৃহীত


আসন্ন ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির মধ্যেও দেশের আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখতে এবং পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন বাদে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার সংশ্লিষ্ট ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো প্রয়োজন অনুযায়ী খোলা রাখতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের গতিশীলতা ধরে রাখতে বন্দর এলাকাগুলোতে ব্যাংকিং সেবা অব্যাহত রাখা জরুরি। এছাড়া শিল্পাঞ্চলগুলোতে কর্মরত শ্রমিকদের পাওনা পরিশোধের সুবিধার্থে সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প এলাকার বিশেষ শাখাগুলো আগামী ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) খোলা থাকবে। এই দুই দিন ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাপ্তরিক কাজ চলবে, তবে গ্রাহকদের সঙ্গে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্দর এলাকার ব্যাংকগুলোতে লেনদেনের সময়সূচি সংশ্লিষ্ট ব্যাংকগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারণ করতে পারবে। তবে ২১ মার্চ যদি পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়, তবে ওই দিন সারা দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পূর্ণাঙ্গভাবে বন্ধ থাকবে। মূলত ঈদের ছুটিতে বড় ধরনের অর্থনৈতিক স্থবিরতা এড়াতেই সরকার ও কেন্দ্রীয় ব্যাংক সমন্বিতভাবে এই বিশেষ ব্যাংকিং সেবার সিদ্ধান্ত নিয়েছে।