১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৩৫:১২ অপরাহ্ন


বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩১ ১৫:১০:৩৬
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস ছবি: সংগৃহীত


দেশের আট বিভাগেই আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। তবে বৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে, যা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, একই সময়ে নেত্রকোনায় সর্বোচ্চ ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আপাতত ভ্যাপসা গরমের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের এই প্রবণতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।