১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৪:৪৭ অপরাহ্ন


ইরানের বিশ্বকাপ খেলা বা না খেলা পরোয়া করেন না ট্র্যাম্প
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৪ ১৭:৪৫:২৯
ইরানের বিশ্বকাপ খেলা বা না খেলা পরোয়া করেন না ট্র্যাম্প ছবি: সংগৃহীত


আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তার মেঘ। একদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, অন্যদিকে প্রভাবশালী দেশগুলোর পাল্টাপাল্টি হুঁশিয়ারি—সব মিলিয়ে বিশ্বমঞ্চে ইরানের মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বিশ্বকাপে অংশ নিল কি নিল না, তাতে তার কিছু যায় আসে না।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে শুরু হতে যাওয়া এই বিশ্ব আসরের আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক চরম বৈরি রূপ নিয়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন উত্তপ্ত আবহে গণমাধ্যম ‘পলিটিকো’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ইরানের অংশগ্রহণ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন। তার ভাষায়, ইরান বর্তমানে একটি বিপর্যস্ত রাষ্ট্র এবং তারা কেবল নামমাত্র টিকে আছে।

টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া ইরানের জন্য এবারের সূচি সাজানো হয়েছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলার কথা রয়েছে। তবে গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলার ঘটনার পর থেকেই পরিস্থিতি নাজুক হতে শুরু করে। যদিও সেই সময় ইরান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে বর্তমান প্রেক্ষাপট অংশগ্রহণকে আরও অনিশ্চিত করে তুলেছে।

ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ দেশটির জাতীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে হতাশা ব্যক্ত করে জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়ার মতো পরিবেশ বর্তমানে তাদের প্রত্যাশার চেয়ে অনেক দূরে রয়েছে। অন্যদিকে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফটসরম জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য হলো সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজন করা। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ের আগে রাজনৈতিক এই লড়াই শেষ পর্যন্ত ইরানকে ফুটবলের মহোৎসব থেকে দূরে সরিয়ে দেয় কি না।