১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৪:৫৪ অপরাহ্ন


বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৪ ১৭:৩৮:০৯
বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান ছবি: সংগৃহীত


আসন্ন বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ম্যাচের এই সিরিজে যথারীতি নেতৃত্ব দেবেন তারকা বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। তবে ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা দিয়েছে সাবেক অধিনায়ক বাবর আজমের বাদ পড়া। ওয়ানডে ফরম্যাটে সবশেষ সিরিজে সেঞ্চুরি পেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় এই সফরে তাকে বিবেচনায় রাখেনি নির্বাচকরা। বিশ্বকাপে ছয় ম্যাচে ১১২.৩৪ স্ট্রাইক রেটে মাত্র ৯১ রান করা বাবরকে ছাড়াই বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

পিসিবির ঘোষিত এই দলে তরুণদের জয়জয়কার লক্ষ্য করা গেছে। স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ছয়জন আনক্যাপড ক্রিকেটার, যাদের মধ্যে আবদুল সামাদ, মাজ সাদাকাত, সাদ মাসুদ ও শামিল হুসেইন সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন। এছাড়া বাকি দুইজন হলেন মোহাম্মদ গাজি ঘোরি ও সাহেবজাদা ফারহান। অভিজ্ঞদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ ও ফাহিম আশরাফদের ওপর আস্থা রেখেছে বোর্ড।

সিরিজের সূচি অনুযায়ী, আগামী ৮ মার্চ পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে পা রাখবে। ১১ মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ১৩ ও ১৫ মার্চ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। নতুন চেহারার এই পাকিস্তান দল বাংলাদেশের কন্ডিশনে কতটা সফল হতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।