সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে নিজ দলের নারী নেত্রীদের বাধার মুখে পড়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। শনিবার (১১ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। মনোনয়ন ফরম নিতে গেলে সেখানে উপস্থিত মহিলা দলের একদল নেতাকর্মী তাকে ঘিরে ধরে হট্টগোল শুরু করেন এবং তার রাজনৈতিক সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন।
বগুড়া জেলা বিএনপির নেত্রী সুরাইয়া জেরিন রনি এ সময় ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৭ বছর রাজপথে লড়াই ও জেল-জুলুম সহ্য করা ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করে কনকচাঁপার মতো ‘সুবিধাবাদীদের’ কেন সামনে আনা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, দলের দুঃসময়ে কনকচাঁপা কোথায় ছিলেন এবং তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে?
তীব্র প্রতিবাদ ও স্লোগানের মুখেও অন্য সহকর্মীদের সহযোগিতায় শেষ পর্যন্ত ফরম সংগ্রহ করেন কনকচাঁপা। পরে সাংবাদিকদের তিনি জানান, তিনি দীর্ঘদন ধরে নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করছেন। যারা তার অবদান নিয়ে প্রশ্ন তুলছেন সেটি তাদের ব্যক্তিগত বিষয়। ২০১৮ সালের নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এই শিল্পী এবারও চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে বেশ আশাবাদী।