১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৩:৩৭ অপরাহ্ন


চীনের চোখে চোখ রেখে লড়াই করলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৩ ১৭:১২:৪৭
চীনের চোখে চোখ রেখে লড়াই করলো বাংলাদেশ


অস্ট্রেলিয়ার সিডনিতে শক্তিশালী চীনের বিপক্ষে হারলেও মাঠের লড়াইয়ে বীরত্ব দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। নারী এশিয়ান কাপে ৯ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে লাল-সবুজরা। তবে ফিফা র‍্যাঙ্কিংয়ে যোজন যোজন ব্যবধান থাকলেও পিটার বাটলারের শিষ্যরা যেভাবে চোখে চোখ রেখে লড়াই করেছে, তা ফুটবল মহলে প্রশংসা কুড়াচ্ছে।

মঙ্গলবার সিডনির কমব্যাঙ্ক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সতর্ক কৌশল অবলম্বন করে বাংলাদেশ। গোলরক্ষক মিলি আক্তার ও ডিফেন্ডার শিউলি আজিমদের দৃঢ়তায় ম্যাচের লম্বা সময় চীনকে গোলবঞ্চিত রাখে তারা। বিশেষ করে প্রথমার্ধের শুরুর দিকে চীনের একের পর এক আক্রমণ নস্যাৎ করে দিয়ে পাল্টা আক্রমণেও ভয় ধরিয়েছিল বাংলাদেশ। ১৪ মিনিটে ঋতুপর্ণা চাকমার ৩৫ গজ দূর থেকে নেওয়া এক বুলেট গতির শট চীনের গোলরক্ষক কোনোমতে রক্ষা না করলে লিড নিতে পারত বাংলাদেশই।

তবে প্রথমার্ধের শেষ দিকে এসে বাংলাদেশের প্রতিরোধ ভেঙে পড়ে। ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে চীনকে লিড এনে দেন ওয়াং সুয়াং। ঠিক এর পরপরই যোগ করা সময়ে কর্নার থেকে আসা বলে জটলার মধ্যে ঝ্যাং রুইয়ের শটে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধে এই দুই গোল হজম করাই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

বিরতির পর বাংলাদেশ আরও বেশি সুসংগঠিত ফুটবল উপহার দেয়। তহুরা খাতুন, হালিমা ও স্বপ্নারা মাঠে নামার পর মাঝমাঠ ও আক্রমণে গতি বাড়ে। দ্বিতীয় অর্ধে চীনের মতো পরাশক্তিকে আর কোনো গোল করতে দেয়নি বাংলাদেশ—এটিই ছিল দলের অন্যতম বড় সাফল্য। ৫৮ মিনিটে শামসুন্নাহার জুনিয়র গোল করার দারুণ সুযোগ পেলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে, ৮০ মিনিটে চীনের একটি শট ক্রসবারে লেগে ফিরে এলে বড় ব্যবধানে হার থেকে বেঁচে যায় বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে অভিষেক ঘটে সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর।

আগামী ৬ মার্চ গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে এই লড়াই আত্মবিশ্বাস জোগাবে পিটার বাটলারের বাহিনীকে। এর আগে এই গ্রুপের অন্য ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া।