আইনের কঠোর প্রয়োগের হুঁশিয়ারি তারেক রহমানের; শিল্পকারখানা ও বিদ্যুৎ সংকটে জনগণের কাছে দুঃখ প্রকাশ
দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে গণতান্ত্রিক ধারা বজায় রাখার পাশাপাশি অরাজকতা সৃষ্টিকারীদের আইনের মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 'করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' শীর্ষক স্লোগানকে ধারণ করে বিকেল পৌনে ৪টায় সভাটি শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী শাসন কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া বহুমুখী সমস্যা সমাধান করে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। কিন্তু সেসব বাস্তব সমস্যাকে পুঁজি করে কিছু গোষ্ঠী বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
সরকারের অবস্থান ও গণতান্ত্রিক নীতি স্পষ্ট করে তারেক রহমান বলেন, "বাংলাদেশের জনগণ এই সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা গণতন্ত্রের ধারা সমুন্নত রাখবো এবং গণতান্ত্রিক নীতি-নৈতিকতা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবো। তবে কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, সেটিকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে তা দেশের আইনে পরিষ্কার বলা আছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে বলতে চাই, প্রত্যেকের নিজস্ব সীমার মধ্যে থাকা দরকার।"
দেশের প্রতিটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটকালে বিএনপি জনগণের পাশে থেকে কাজ করেছে উল্লেখ করে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।
বর্তমানে দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানার মালিকসহ সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, তার জন্য বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি আশ্বাস দেন, সংকট কাটিয়ে দেশকে স্বাভাবিক ধারায় ফেরাতে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।