১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২১:০১ অপরাহ্ন


হাদি হত্যার পরিকল্পনাকারী ও অর্থদাতাদের গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১০ ২০:২২:১৬
হাদি হত্যার পরিকল্পনাকারী ও অর্থদাতাদের গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের


শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান শুটার গ্রেপ্তার হলেও এই নৃশংস ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারী ও অর্থদাতারা এখনো ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। একইসঙ্গে নিরপেক্ষ তদন্তের স্বার্থে জাতিসংঘের তত্ত্বাবধানে পৃথক তদন্ত নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এসব কথা বলেন।

শুটার গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের জানান, মামলার প্রধান অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে আলোচনার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রায় ৮৭ দিন পর মূল শুটার গ্রেপ্তার হওয়া একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে তিনি সতর্ক করে বলেন, “শুধুমাত্র যে ব্যক্তি গুলি করেছে সে-ই একমাত্র হত্যাকারী নয়। এর পেছনে যারা পরিকল্পনা করেছে এবং অর্থায়ন করেছে, তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি।”

জাতিসংঘের অধীনে তদন্তের দাবি

জাবের অভিযোগ করেন, আগে ডিবি পুলিশের তদন্তে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে। তদন্তে অগ্রগতির জন্য সংস্থাকে ধন্যবাদ জানালেও তিনি আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া ও রেড নোটিশের মাধ্যমে দ্রুত আসামিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

তিনি আরও বলেন, “অন্তর্র্বতী সরকারের সময় হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়ে চিঠি দেওয়া হয়েছিল বলে আমরা জানি। বর্তমান সরকারের উচিত সেই প্রক্রিয়ার অগ্রগতি জনগণকে জানানো। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে জাতিসংঘের সম্পৃক্ততা এখন অত্যাবশ্যক।”

অপপ্রচার ও প্রোপাগান্ডার বিরুদ্ধে হুঁশিয়ারি

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, কিছু রাজনৈতিক দল ও তাদের অনলাইন কর্মীরা হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। জাবের বলেন, “তদন্ত শেষ হওয়ার আগেই বিভিন্ন পক্ষের ওপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। সরকারকে এই অপপ্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, এই গ্রেপ্তারকে কেন্দ্র করে যেন কোনো ধরনের রাজনৈতিক দরকষাকষি না হয় এবং প্রকৃত দোষীদের যেন আড়াল করার চেষ্টা না করা হয়।