১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৯:১২ অপরাহ্ন


ভারত-ওয়েস্ট ইন্ডিজের অঘোষিত 'কোয়ার্টার ফাইনাল' আজ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০১ ১৫:৫৬:৫৭
ভারত-ওয়েস্ট ইন্ডিজের অঘোষিত 'কোয়ার্টার ফাইনাল' আজ ছবিঃ সংগৃহীত


স্পোর্টস ডেস্ক | ১ মার্চ, ২০২৬

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনস আজ সাক্ষী হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক টানটান উত্তেজনার লড়াইয়ের। হাইভোল্টেজ এই ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও স্বাগতিক কন্ডিশনের সুবিধা নিতে চাওয়া ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ-১ থেকে দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই অপরাজিত দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করায় আজকের এই ম্যাচটি রূপ নিয়েছে এক 'ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে'। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। এর আগে বিকেল সাড়ে ৩টায় একই গ্রুপে সেমিফাইনাল থেকে ছিটকে পড়া জিম্বাবুয়ের মুখোমুখি হবে প্রোটিয়ারা।

ভারত এবারের বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছিল। গ্রুপ 'এ'-তে খেলা চার ম্যাচের সবকটিতে জিতে সুপার এইটে পা রাখে সূর্যকুমার যাদবের দল। তবে সুপার এইটের শুরুতেই দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হারলে তাঁদের সেমিফাইনালের পথ কিছুটা কঠিন হয়ে পড়ে। যদিও পরের ম্যাচেই জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে আবারও কক্ষপথে ফিরেছে টিম ইন্ডিয়া। বর্তমানে দুই পয়েন্ট এবং -০.১০০ নেট রান রেট নিয়ে টেবিলের সমীকরণে টিকে থাকতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই ভারতের সামনে। জিতলে রান রেটের মারপ্যাঁচ কাটিয়ে গ্রুপ-২ এর শীর্ষ দলের মোকাবিলা করার সুযোগ পাবে তারা।

অন্যদিকে, দুইবারের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বরাবরের মতোই তাদের বিধ্বংসী পাওয়ার হিটিং দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার কৌশলে অটল। গ্রুপ 'সি'-র শীর্ষস্থান দখল করে সুপার এইটে আসা ক্যারিবীয়রা দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরে কিছুটা হোঁচট খেলেও এখনো সুবিধাজনক অবস্থানে আছে। দুই পয়েন্টের পাশাপাশি ১.৭৯১ নেট রান রেট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনেও সমীকরণ পরিষ্কার—জিতলেই কেল্লাফতে, সরাসরি সেমিফাইনাল।

সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, আজকের লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। শেষ পাঁচবারের মুখোমুখি দেখায় ওয়েস্ট ইন্ডিজ তিনবার এবং ভারত দুইবার জিতেছে। মজার ব্যাপার হলো, এই পাঁচ ম্যাচের চারটিতেই জয় এসেছে রান তাড়া করে। আবার দুই দলের শেষ ছয় ম্যাচের ফর্ম বিচার করলে দেখা যায়, উভয় দলই পাঁচটি করে ম্যাচে জয় তুলে নিয়েছে। ইডেনের চেনা পিচে গ্যালারি ভর্তি দর্শকদের উপস্থিতিতে এই দুই পরাশক্তির লড়াই ক্রিকেট বিশ্বকে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা উপহার দেবে বলেই আশা করা হচ্ছে।