১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৩:৩৪ অপরাহ্ন


অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০২-২৫ ১৯:১৭:৩৩
অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ছবিঃ পুরনো ফাইল থেকে


দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী আগস্টে দুই ম্যাচের এই ঐতিহাসিক টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ডারউইনের মারারা স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্টের ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা।

এই সিরিজের মাধ্যমেই অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে ম্যাকাইয়ের। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে, আগে থেকেই গুঞ্জন ছিল যে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ম্যাকাই আন্তর্জাতিক টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা শুরু করবে, যা এখন বাস্তবে রূপ নিল।

সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ১৩ আগস্ট ডারউইনে। এরপর দুই দল মুখোমুখি হবে ২২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ম্যাকাই টেস্টে। ডারউইনে এর আগে ২০০৩ সালে বাংলাদেশ এবং ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। দীর্ঘ বিরতির পর আবারও সেখানে সাদা পোশাকের ক্রিকেট ফিরছে।

উল্লেখ্য, ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই হবে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ। সবশেষ ২০১৭ সালে দুই দল বাংলাদেশের মাটিতে মুখোমুখি হয়েছিল। মাঝখানে ২০২০ সালে বাংলাদেশে একটি সিরিজ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে তা বাতিল হয়ে যায়। এই টেস্ট সিরিজের আগে দুই দল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে।

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই এই সিরিজটি পয়েন্ট টেবিলের সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অজিদের কন্ডিশনে টাইগারদের এই লড়াইকে ঘিরে এখন থেকেই ক্রিকেট প্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা কাজ করছে।