‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিষেক ঘটছে নবাগতা নীহা চৌধুরীর; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী নিয়মিত হতে চান অভিনয়ে
ছোট পর্দার জনপ্রিয় ও শীর্ষসারির অভিনেতা তৌসিফ মাহবুব সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠিত অভিনেত্রীদের পাশাপাশি নতুন মুখদের সুযোগ দিয়ে অভিনয়ের আঙ্গিনায় উৎসাহিত করছেন। সেই ধারাবাহিকতায় এবার তাঁর হাত ধরে নাটকাঙ্গনে অভিষেক ঘটতে যাচ্ছে এক উদীয়মান তরুণীর। বসুন্ধরা হাউজিং নিবেদিত ক্যাপিটাল ড্রামার নতুন একক নাটক ‘ছুঁয়ে দিলাম তোমায়’-এ তৌসিফের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন নবাগতা নীহা চৌধুরী।
সম্প্রতি নাটকটির দৃশ্যধারণ ও পোস্ট-প্রোডাকশনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথম একক নাটকেই ছোট পর্দার জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুবের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে উচ্ছ্বসিত নীহা চৌধুরী জানান, "মডেলিং জগতে আড়াই বছর ধরে থাকলেও একক নাটকে এবারই আমার প্রথম অভিনয়। আগে ক্যামেরা সামলানোর অভিজ্ঞতা থাকলেও নাটকের সেট ও পরিবেশ একদমই নতুন এবং অন্যরকম ছিল। শুরুর দিকে বেশ নার্ভাস থাকলেও তৌসিফ ভাইয়া এবং পুরো শুটিং ইউনিটের আন্তরিক সহযোগিতায় কাজটি খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি।"
তৌসিফ মাহবুবের কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে নীহা আরও যোগ করেন, "যার অভিনয় স্ক্রিনে দেখে বড় হয়েছি, তাকেই প্রথম নাটকের সহশিল্পী হিসেবে পাওয়া আমার জন্য দারুণ ব্যাপার। ভেবেছিলাম হয়তো তার তারকাখ্যাতির প্রভাব দেখতে পাব, কিন্তু তিনি অত্যন্ত অমায়িক ও সহযোগী মানসিকতার মানুষ। সংলাপে এক্সপ্রেশন দেওয়া থেকে শুরু করে প্রতিটি দৃশ্য কীভাবে ফুটিয়ে তুলতে হবে তা সহজ করে বুঝিয়ে দিয়েছেন। এখন আগামী ৯ অক্টোবর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের অপেক্ষায় আছি।"
গোপালগঞ্জে জন্ম নেওয়া নীহা চৌধুরীর বেড়ে ওঠা ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে সফলভাবে স্নাতক সম্পন্ন করেছেন। ২০২৪ সালের শুরুর দিকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখা নীহা ইতোমধ্যে শতাধিক জনপ্রিয় ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন এবং কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও বেশ পরিচিত। অভিনয়কে পেশা হিসেবে গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে ইতোমধ্যে খ্যাতনামা নাট্যদল ‘প্রাচ্যনাট’ থেকে ছয় মাসের থিয়েটার ও অ্যাক্টিং কোর্স সম্পন্ন করেছেন তিনি।
নতুনদের সুযোগ দেওয়া প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, "এক সময় আমিও একেবারে নতুন ছিলাম। সিনিয়ররা সুযোগ ও দিকনির্দেশনা না দিলে আজকে আমি এই অবস্থানে আসতে পারতাম না। নতুন প্রতিভাদের জন্য আমার দরজা সব সময় খোলা। নীহা নতুন হলেও বেশ মনোযোগী এবং কোনো টেক দ্রুত আয়ত্ত করতে পারে। কাজের প্রতি এই একাগ্রতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে সে অনেক দূর যাবে।"
উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর ক্যাপিটাল ড্রামার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকটি বিশ্বজুড়ে একযোগে শুভমুক্তি পাবে।