১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৫:৫৭ অপরাহ্ন


কিশোরদের রাত ১০ টার পর রাস্তায় পেলেই আইনি ব্যবস্থা নেবে পুলিশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৯ ১৯:০৭:৫৫
কিশোরদের রাত ১০ টার পর রাস্তায় পেলেই আইনি ব্যবস্থা নেবে পুলিশ ছবি: সংগৃহীত


বান্দরবানে কিশোর গ্যাং নির্মূল ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপার (এসপি) মো. আবদুর রহমান ঘোষণা দিয়েছেন যে, রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় পাওয়া গেলে তাকে সরাসরি আইনি বিচারের সম্মুখীন হতে হবে। রোববার (৮ মার্চ) রাতে বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় পুলিশের এক সচেতনতামূলক কার্যক্রম চলাকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

পুলিশ সুপার বলেন, কিশোরদের এখনই সময় নিজেকে গড়ার। অটোপাসের আশা ছেড়ে দিয়ে তাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। বর্তমানে পবিত্র রমজান মাস ও তারাবি নামাজের কথা বিবেচনা করে পুলিশ নামাজের পর ৩০ মিনিট পর্যন্ত সময় দেবে। এরপর অর্থাৎ রাত ১০টার পর কোনো কিশোর অহেতুক বাইরে অবস্থান করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে এসপি বলেন, "নিজের সন্তানের দায়িত্ব নিজে নিন। তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে—সেদিকে নজর রাখুন।" কোনো সন্তান রাত ১০টার মধ্যে ঘরে না ফিরলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। তিনি আরও স্পষ্ট করেন যে, যদি সত্যিই কোনো ‘কিশোর গ্যাং’-এর অস্তিত্ব থাকে, তবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।