১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৫:৫৩ অপরাহ্ন


আম্বানি পুত্রর জন্মদিনে বলিউডে তারকাদের মেলা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৮:৩৫:৩৯
আম্বানি পুত্রর জন্মদিনে বলিউডে তারকাদের মেলা ছবি: সংগৃহীত


ভারতের বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির ৩১তম জন্মদিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। গুজরাটের জামনগরের ‘ভান্তারা’য় আয়োজিত এই উৎসবে বলিউড তারকাদের মেলা বসেছিল। শাহরুখ খান, সালমান খান, রণবীর সিং থেকে শুরু করে জাহ্নবী কাপুর—সবাই হাজির হয়েছিলেন অনন্তকে শুভেচ্ছা জানাতে। শাহরুখ খান সামাজিক মাধ্যমে অনন্তের জনহিতকর কাজের প্রশংসা করে তাকে জন্মদিনের বিশেষ বার্তা দিয়েছেন।

এবারের জন্মদিনের আয়োজনে ছিল আধ্যাত্মিকতার ছোঁয়া। ভান্তারা বিশ্ববিদ্যালয় শুরুর ঘোষণার সঙ্গে মিল রেখে একটি বইয়ের আদলে তৈরি কেক কাটেন অনন্ত। এরপর পুরো আম্বানি পরিবার এবং আমন্ত্রিত অতিথিরা শ্রীকৃষ্ণের ভজন ও প্রার্থনায় অংশ নেন। ভিডিওতে দেখা যায়, নীতা আম্বানি ও মুকেশ আম্বানির সঙ্গে রণবীর সিং এবং শাহরুখের পরিবারও ভক্তিরসে মগ্ন ছিলেন। অনুষ্ঠানের শেষ দিকে জাহ্নবী কাপুর ও রণবীর সিংকে ঐতিহ্যবাহী গরবা নাচতেও দেখা যায়।

ব্যক্তিগত উদযাপনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও বেশ কিছু উদ্যোগ নিয়েছেন অনন্ত। জন্মদিন উপলক্ষে তিনি এক লাখের বেশি গরুকে ‘ছাপ্পান ভোগ’ নিবেদন করেন এবং আশেপাশের গ্রামের নারীদের শাড়ি ও শিশুদের স্কুল কিট উপহার দেন। এছাড়া দেশের বিভিন্ন প্রধান মন্দিরে কোটি কোটি টাকা দান করেন তিনি। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত অনন্ত আম্বানি বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ‘ভান্তারা বিশ্ববিদ্যালয়’ চালুর ঘোষণা দিয়েছেন, যা বিশ্বের প্রথম আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণ বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে।