১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৩৬:৩২ অপরাহ্ন


৪০ বছর বয়সের পরও মা হওয়া সম্ভব, প্রমাণ দিয়েছেন যেসব অভিনেত্রী
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-১৭ ১৫:০৪:৪৫
৪০ বছর বয়সের পরও মা হওয়া সম্ভব, প্রমাণ দিয়েছেন যেসব অভিনেত্রী ছবি: সংগৃহীত


বলিউড তারকাদের অনুপ্রেরণাদায়ী মাতৃত্বের গল্প; আইভিএফ ও সারোগেসির মাধ্যমে সমাজের বাঁধাধরা ধারণা বদলানোর দৃষ্টান্ত

        আমাদের সমাজে দীর্ঘ দিন ধরে একটি চিরাচরিত ধারণা প্রচলিত রয়েছে—বিয়ের পরপরই নারীদের মা হওয়া উচিত এবং নির্দিষ্ট বয়সের সীমানা পেরিয়ে গেলে মাতৃত্ব জটিল হয়ে পড়ে। অনেক চিকিৎসক ও বিশেষজ্ঞও নারীদের একটি নির্দিষ্ট বয়সের মধ্যে সন্তান ধারণের পরামর্শ দিয়ে থাকেন। তবে সমাজের এই সনাতন ও বাঁধাধরা ধারণাকে ভেঙে নতুন বার্তা দিয়েছেন বলিউডের বেশ কয়েকজন শীর্ষ অভিনেত্রী। তাঁরা বিশ্বজুড়ে নারীদের প্রমাণ করে দিয়েছেন, মাতৃত্বের আনন্দের জন্য কোনো নির্দিষ্ট বয়স বা সময়সীমা বাধা হতে পারে না।

বলিউডের এই অভিনেত্রীদের কেউ স্বাভাবিক উপায়ে, কেউ চিকিৎসাবিজ্ঞানের আধুনিক আইভিএফ (IVF) প্রযুক্তির মাধ্যমে, আবার কেউ সারোগেসির সহায়তায় ৪০ বছরের গণ্ডি পেরিয়ে মাতৃত্বকে বরণ করে নিয়েছেন। ৪০ বছর বয়সের পর মাতৃত্ব লাভ করে নারীদের অনুপ্রাণিত করা সেই তারকাদের গল্প তুলে ধরা হলো:

ক্যাটরিনা কাইফ

২০২৫ সালে ৪২ বছর বয়সে প্রথম সন্তান ভিহান কৌশলের মা হন ক্যাটরিনা কাইফ। স্বামী ভিকি কৌশলের সঙ্গে তাঁর জীবনে শুরু হয় মাতৃত্বের এক নতুন ও আনন্দঘন অধ্যায়।

কারিনা কাপুর খান

২০১৬ সালের ২০ ডিসেম্বর প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্মের পর, ২০২১ সালে ৪০ বছর বয়সে দ্বিতীয় সন্তান জেহাঙ্গার আলী খানের (জেহ) জন্ম দেন কারিনা কাপুর খান।

বিপাশা বসু

২০২২ সালে ৪৩ বছর বয়সে ফুটফুটে কন্যাসন্তান দেবীর মা হন বিপাশা বসু। স্বামী করণ সিং গ্রোভার ও তাঁর কোল আলো করে আসা প্রথম সন্তানকে নিয়ে গর্ভাবস্থার নানা ধৈর্য, আনন্দ ও কৃতজ্ঞতার অভিজ্ঞতা প্রকাশ্যে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

নেহা ধুপিয়া

২০২১ সালে ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তান পুত্র গুরিকের জন্ম দেন নেহা ধুপিয়া। এর আগে ২০১৮ সালে অভিনেতা অঙ্গদ বেদি ও নেহা দম্পতির প্রথম কন্যাসন্তান মেহরের জন্ম হয়েছিল।

শিল্পা শেঠি

২০১২ সালে প্রথম সন্তান ভিয়ানের মা হওয়ার পর, ২০২০ সালে প্রায় ৪৪-৪৫ বছর বয়সে সারোগেসির (Surrogacy) সাহায্যে দ্বিতীয় কন্যাসন্তান সামিশাকে পরিবারে স্বাগত জানান শিল্পা শেঠি।

প্রীতি জিনতা

২০২১ সালে ৪৬ বছর বয়সে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান জয় ও জিয়ার মা হন প্রীতি জিনতা। জেন গুডএনাফ ও প্রীতি দম্পতি বর্তমানে তাঁদের এই দুই সন্তানকে নিয়ে সানন্দে জীবন কাটাচ্ছেন।