১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৩৮:২৬ অপরাহ্ন


জেট ফুয়েলের দাম বাড়ায় বৃদ্ধি পেতে যাচ্ছে এয়ার টিকিটের দাম
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৪ ১৫:৫০:০৩
জেট ফুয়েলের দাম বাড়ায় বৃদ্ধি পেতে যাচ্ছে এয়ার টিকিটের দাম ছবি: সংগৃহীত


উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম এক লাফে লিটারে প্রায় ৯০ টাকা বাড়িয়েছে সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্য তালিকা ঘোষণা করেছে, যা আজ দিবাগত রাত ১২টা থেকেই কার্যকর হতে যাচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ, স্থানীয় ফ্লাইটের ক্ষেত্রে লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা। উল্লেখ্য যে, চলতি মাসের শুরুতেও একবার এই জ্বালানির দাম বাড়ানো হয়েছিল।

আন্তর্জাতিক রুটেও এই জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২১৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। জ্বালানির এই আকাশচুম্বী মূল্যবৃদ্ধির ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় রুটে বিমান ভাড়ায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।