১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৫৯:৪১ অপরাহ্ন


এফডিসিতে সাড়ম্বরে উদযাপিত হলো ‘ফিল্ম ডিরেক্টরস ডে’
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-১৭ ১৪:০২:০১
এফডিসিতে সাড়ম্বরে উদযাপিত হলো ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ ছবি: সংগৃহীত


উপদেষ্টা জাহিদ উর রহমান ও মন্ত্রী আন্দালিব রহমান পার্থর উপস্থিতিতে চলচ্চিত্র অঙ্গনের গুণীজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

     দেশের চলচ্চিত্র সংস্কৃতির ঐতিহ্য পুনরুদ্ধার, বিকাশ ও চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপিত হলো ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ (চলচ্চিত্র পরিচালক দিবস)। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির (BFDA) উদ্যোগে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (BFDC) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশেষ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সম্মাননা প্রদান, জনপ্রিয় কালজয়ী সিনেমার গানের সঙ্গে নৃত্য পরিবেশনা এবং চলচ্চিত্র সংশ্লিষ্টদের এক মিলনমেলা।

অনুষ্ঠানের শুরুতেই সমিতি (BFDA)-র প্রতিষ্ঠাতা মহাসচিব, খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার, গীতিকার ও সংস্কৃতি ব্যক্তিত্ব প্রয়াত আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উদ্বোধনী পর্বে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘির নেতৃত্বে একদল নৃত্যশিল্পীর পরিবেশনায় বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় বেশ কিছু জনপ্রিয় গানের কোরিওগ্রাফি উপস্থাপন করেন নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ।

বাংলাদেশি চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রখ্যাত প্রযোজক ফরিদুর রেজা সাগর, সংগীত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন, প্রবীণ চলচ্চিত্র পরিচালক মাসুদ পারভেজ (সোহেল রানা), এজে মিন্টু, কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, মতিন রহমান ও মসিউদ্দিন শাকের।

আয়োজনের মূল উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ চক্রবর্তী।

স্বাগত বক্তব্যে বিএফডিএ সভাপতি শাহীন সুমন বলেন, "ক্ষতিগ্রস্ত ও সংকটকালীন চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত সকল সদস্যের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও পেশাগত মেলবন্ধন সুদৃঢ় করতেই মূলত এই দিবসটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।" তিনি দেশের চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে নীতিনির্ধারণী সংস্কারের তাগিদ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদ উর রহমান জানান, দেশীয় চলচ্চিত্রের উন্নয়ন ও সার্বিক সহায়তার লক্ষ্যে প্রধানমন্ত্রী একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বর্তমান চলচ্চিত্রের গুণগত মান বৃদ্ধির ওপর জোর দেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, "চলচ্চিত্র শুধু বাণিজ্যিক মুনাফা অর্জনের মাধ্যম হতে পারে না; এটি সামাজিক পরিবর্তনের এক বড় হাতিয়ার।" দেশের ক্লাসিক ও কালজয়ী সিনেমাগুলো কীভাবে দর্শকহৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলেছিল তা স্মরণ করিয়ে দিয়ে তিনি মানসম্মত চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান।