১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৩:১৯ অপরাহ্ন


পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টাকে পদায়ন করতে জামায়াত আমিরের আবেদন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১০ ১৫:২৭:০২
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টাকে পদায়ন করতে জামায়াত আমিরের আবেদন ছবি: সংগৃহীত


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব দেওয়ার জন্য সরকারের কাছে একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন। গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে লেখা এক চিঠিতে তিনি এই প্রস্তাব করেন, যা সম্প্রতি গণমাধ্যমের নজরে এসেছে। বিরোধীদলীয় নেতা মনে করেন, এই ধরনের পদায়নের মাধ্যমে সরকারের কাছে বিরোধী দলের পররাষ্ট্রনীতি তুলে ধরা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।

চিঠিতে শফিকুর রহমান উল্লেখ করেছেন যে, অধ্যাপক মাহমুদুল হাসান তাঁর উপদেষ্টা হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করছেন। বিশেষ করে জাতিসংঘ, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ ও সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তাঁর বিশেষ পেশাদার নেটওয়ার্ক ও দক্ষতা রয়েছে। বিরোধীদলীয় নেতার মতে, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় দেশের পররাষ্ট্রনীতি ও জাতীয় সংসদের বিরোধী দলের চিন্তাভাবনা একসঙ্গে পরিচালনার জন্য এই ‘অভিনব’ পদায়নটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।

তবে এই প্রস্তাবটি নিয়ে কূটনৈতিক মহলে ভিন্নমত তৈরি হয়েছে। সাবেক কূটনীতিক ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) প্রেসিডেন্ট এম হুমায়ূন কবীর এ বিষয়ে মন্তব্য করেছেন যে, রাষ্ট্র পরিচালনা মূলত সরকারের কাজ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক দায়িত্ব পররাষ্ট্রমন্ত্রীর ওপর ন্যস্ত থাকে। তাঁর মতে, সরকারি কাঠামোর ভেতরে বিরোধী দলের কাউকে এভাবে পদায়ন করা হলে মন্ত্রণালয়ের কাজে বিশৃঙ্খলা বা জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে সরকারের বাইরে থেকে বিরোধী দলের কাউকে এভাবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ার কোনো নজির বা অভিজ্ঞতা আগে কখনও দেখা যায়নি।