১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৪:১৩ অপরাহ্ন


সাফ চ্যাম্পিয়নশিপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা!
ক্রীড়া প্রতিবেদক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-১৫ ১৮:৫২:৩৮
সাফ চ্যাম্পিয়নশিপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা! ছবি: সংগৃহীত


দীর্ঘ আট বছর পর ঢাকায় বসছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্ববৃহৎ আসর; গ্রুপ পর্বে লাল-সবুজদের দুই ম্যাচই রাত ৮টায়

       দীর্ঘ আট বছরের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আবারও বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ’। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভুটানের মুখোমুখি হয়ে নিজেদের টুর্নামেন্ট অভিযান শুরু করবে আয়োজক বাংলাদেশ।

এবারের আসরে বাংলাদেশ স্বাগতিক হিসেবে ‘এ’ গ্রুপে স্থান পেয়েছে, যেখানে তাদের সঙ্গী হিসেবে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে স্বাগতিকদের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবং দর্শকদের সুবিধার্থে দুটি ম্যাচই শুরু হবে রাত ৮টায়।

এক নজরে গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সময়সূচি:

  • ৫ নভেম্বর: বাংলাদেশ বনাম ভুটান — জাতীয় স্টেডিয়াম, ঢাকা (রাত ৮:০০টা)

  • ১১ নভেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা — জাতীয় স্টেডিয়াম, ঢাকা (রাত ৮:০০টা)

টুর্নামেন্টের অন্য গ্রুপে অর্থাৎ ‘বি’ গ্রুপে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করবে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। নতুন ফরম্যাট অনুযায়ী দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি সেমিফাইনালের টিকিট পাবে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল লড়াই। এরপর ১৭ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের।

তবে বাফুফে ও সাফ সূত্রে জানা গেছে, বাংলাদেশের ‘এ’ গ্রুপের দল সংখ্যা এখনো চূড়ান্ত নয়। ফিফা কর্তৃক নেপাল ফুটবল ওপর আরোপিত স্থগিতাদেশ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহার হলে নেপাল যুক্ত হবে বাংলাদেশের গ্রুপে। সে ক্ষেত্রে টুর্নামেন্টের বর্তমান সূচিতে সামান্য পরিবর্তন বা পুনর্বিন্যাস আসার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশে সাফল্যের সাথে সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল। দীর্ঘ আট বছর পর আবারো নিজ দেশে এমন বড় আসর ফেরায় দারুণ উল্লসিত দেশের ফুটবলপ্রেমীরা। ঘরের মাঠের দর্শক ও চেনা আবহাওয়ার পূর্ণ সুবিধা কাজে লাগিয়ে শিরোপা খরা কাটানোর লক্ষ্য থাকবে জামাল ভূঁইয়াদের। বাংলাদেশ এখন পর্যন্ত ২০০৩ সালে নিজ দেশের মাটিতেই অনুষ্ঠিত আসরে ইতিহাস গড়ে একমাত্র সাফ শিরোপাটি অর্জন করেছিল।