১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৪:৪৮ অপরাহ্ন


গ্যাংস্টার লুকে টিজারে বুলেটের বৃষ্টি ঝরালেন শাকিব খান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১২ ১৯:২২:১৬
গ্যাংস্টার লুকে টিজারে বুলেটের বৃষ্টি ঝরালেন শাকিব খান ছবি: সংগৃহীত


আসন্ন ঈদুল ফিতরের সিনেমা যুদ্ধের পারদ চড়িয়ে অবশেষে প্রকাশ্যে এলো শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার বহুল প্রতীক্ষিত টিজার। বৃহস্পতিবার প্রকাশিত ১ মিনিট ২৯ সেকেন্ডের এই ঝলকটিকে নির্মাতারা অভিহিত করেছেন ‘প্রিব্লাস্ট’ হিসেবে।


টিজারের পরতে পরতে ছিল অ্যাকশন আর রহস্যের ছাপ। নব্বইয়ের দশকের ঢাকার প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় শাকিব খানকে দেখা গেছে এক দুর্ধর্ষ গ্যাংস্টারের চরিত্রে। বিশেষ করে তাঁর লম্বা বাদামি চুল আর দাড়ি সংবলিত ‘রাফ অ্যান্ড টাফ’ লুকটি দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। দুই হাতে বন্দুক চালানো থেকে শুরু করে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ার দৃশ্যগুলো শাকিবকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। টিজারের শেষ দিকে শাকিবের মুখে শোনা যায় এক কড়া হুঙ্কার: “আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।”


পরিচালক আবু হায়াত মাহমুদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এটি নির্মাণে মুন্সিয়ানার ছাপ পাওয়া গেছে। টিজারে শাকিবের পাশাপাশি বলিউডের শক্তিমান অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে একটি বিশেষ চরিত্রে বেশ গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর এক ঝলক উপস্থিতি সিনেমার আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।


সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজসহ আরও অনেকে। ঈদে মুক্তির তালিকায় থাকা অন্যান্য সিনেমার ভিড়ে শাকিবের এই ‘প্রিন্স’ রূপ প্রেক্ষাগৃহে কেমন ঝড় তোলে, এখন সেটাই দেখার অপেক্ষা।