১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৭:২১ অপরাহ্ন


পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ ও যুদ্ধকে ‘পবিত্র’ বললেন কিম!
আন্তর্জাতিক ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-১৫ ১৭:২০:৫৮
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ ও যুদ্ধকে ‘পবিত্র’ বললেন কিম! উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন I ছবি: সংগৃহীত


ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয়ের আশা প্রকাশ পিয়ংইয়ংয়ের; সিউলের দাবি হতাহত উত্তর কোরীয় সেনা ছাড়িয়েছে ৬ হাজার

     রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো এক বিশেষ চিঠিতে মস্কোর প্রতি উত্তর কোরিয়ার ‘অটুট সমর্থনের’ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। একই সাথে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান সামরিক অভিযানকে ‘পবিত্র যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন তিনি। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কোর অন্যতম বিশ্বস্ত ও কৌশলগত মিত্রে পরিণত হয়েছে পিয়ংইয়ং। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইউক্রেন রণাঙ্গনে ক্রেমলিনকে অস্ত্র ও সেনা দিয়ে সহায়তার বিনিময়ে রাশিয়া থেকে বিপুল অর্থনৈতিক সুবিধা, জ্বালানি ও স্পর্শকাতর সামরিক প্রযুক্তি লাভ করছে কিম জং উনের সরকার।

দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন রণাঙ্গনে অংশ নিয়ে এ পর্যন্ত নিহত ও আহত মিলিয়ে উত্তর কোরীয় সেনার সংখ্যা প্রায় ৬ হাজারে গিয়ে পৌঁছেছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ (KCNA) মঙ্গলবার কিমের চিঠির উদ্বৃতি দিয়ে জানায়, রাশিয়া রাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষার জন্য পরিচালিত ‘পবিত্র যুদ্ধে’ ক্রেমলিনের চূড়ান্ত বিজয়ের ব্যাপারে উত্তর কোরিয়া শতভাগ আশাবাদী।

চিঠিতে প্রেসিডেন্ট পুতিনকে ‘প্রিয় বন্ধু’ হিসেবে সম্বোধন করে কিম জং উন লেখেন, "রাশিয়া ও বীর রুশ জনগণের প্রতি উত্তর কোরিয়া সরকার ও দেশের মানুষের অটুট সমর্থন ও সংহতি চিরকাল অব্যাহত থাকবে।" তিনি আরও উল্লেখ করেন, রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত ও গভীর করার বিষয়ে পিয়ংইয়ংয়ের অবস্থান অপরিবর্তনীয়।

কিম জং উনের এই চিঠিটি এমন এক সময়ে প্রকাশ পেল, যখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বেগবান করতে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় আরও নতুন সৈন্য পাঠানোর গুঞ্জন জোরালো হচ্ছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে উত্তর কোরিয়ার আরও ৫০ হাজার সেনা রাশিয়ার ভূখণ্ডে মোতায়েন করা হতে পারে, যদিও কিয়েভ এর সপক্ষে কোনো স্পষ্ট সময়সীমা বা চূড়ান্ত প্রমাণ দেখাতে পারেনি।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে দক্ষিণ কোরিয়ার কাছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন। তবে সিউল এখনো পর্যন্ত কিয়েভের এই অনুরোধের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।