১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:০০:৩৭ অপরাহ্ন


‘বড় নেতারা আরামে আছেন, ভুগে আপনার পরিবার’: দেশে ফিরে বিস্ফোরক মন্তব্য বাঁধনের!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-১৪ ১৩:২৫:০৭
‘বড় নেতারা আরামে আছেন, ভুগে আপনার পরিবার’: দেশে ফিরে বিস্ফোরক মন্তব্য বাঁধনের! ছবি: সংগৃহীত


ভেনিস হামলায় ক্ষুণ্ন দেশের ভাবমূর্তি; টরন্টো উৎসব থেকে বাদ দেওয়ার অভিযোগে কাঠগড়ায় নিজের টিম

        ইতালিতে অনুষ্ঠিত ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে প্রবাসী রাজনৈতিক সমর্থকদের হাতে নজিরবিহীন হামলা ও শারীরিক লাঞ্ছনার শিকার হওয়ার পর ঢাকায় ফিরেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ইতালি থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ, আতঙ্ক ও দুঃখ প্রকাশ করেন তিনি।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাঁধন বলেন, "আক্রমণকারীরা মনে করছে অন্যায় করে তারা পার পেয়ে যাবে। তারা দূর থেকে গালি বা উসকানিমূলক স্লোগান দেওয়ার পাশাপাশি আমার ওপর শারীরিক হামলা চালিয়েছে। আমার গায়ে হাত তোলার মতো বরবোরতা তাদের অবিলম্বে বন্ধ করতে হবে। মূলত এসব ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালিয়ে তারা নিজেদের অবস্থানকেই চরম অনিয়াপদ করে তুলছে।"

ইতালির মাটিতে ঘটা এই অপ্রীতিকর ঘটনাটি বিদেশের বুকে বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেন তিনি। বাঁধন বলেন, "বিদেশের মাটিতে প্রবাসী কিছু ভাইদের এই বর্বর হামলা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে অত্যন্ত ছোট করেছে। এতে বিদেশিরা ভাববে আমরা জাতিগতভাবে সব সময় মারামারিতে লিপ্ত থাকি। এমন উন্মাদনা ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।"

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজপথে সরাসরি সক্রিয় ভূমিকা রাখার কারণেই তাঁকে লক্ষ্য করে রাজনৈতিক উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন অভিনেত্রী। হামলার সাথে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) প্রবাসী নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে তিনি অভিযোগ তোলেন।

আওয়ামী সমর্থকদের সতর্ক করে দিয়ে বাঁধন আরও বলেন, "আপনারা কোনো নির্দিষ্ট দলকে ভালোবাসতে বা সাপোর্ট করতেই পারেন, কিন্তু অন্ধ বা ‘দলকানা’ হবেন না। বিদেশের মাটিতে উসকানিমূলক কাজ করে আপনাদের সাজা হলে ভুগবে আপনার পরিবার। দলের বড় বড় নেতারা আরাম-আয়েশে দেশে-বিদেশে অবস্থান করছেন এবং অডিও-ভিডিও বার্তা দিয়ে সাধারণ কর্মীদের উসকে দিচ্ছেন। তাঁদের জীবন আপনার মতো নয়। কষ্টার্জিত ঘামের টাকা বাংলাদেশে পাঠান, দয়া করে এসব রাজনৈতিক সহিংসতায় নিজেদের জড়াবেন না।"

সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায়ে বাঁধন অশ্রুসজল কণ্ঠে নিজের সিনেমার টিমের বিরুদ্ধেও চরম অভিযোগ তোলেন। তিনি জানান, ইতালি সরকার, পুলিশ ও আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তাঁর পাশে দাঁড়ালেও নিজ চলচ্চিত্রের প্রযোজনা দল ও সহকর্মীরা বিপদের দিনে তাঁকে ‘ডিজওন’ বা পর করে দিয়েছে। এমনকি হামলার ঘটনার পর আসন্ন ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ (TIFF)-এর প্রতিনিধি দল থেকেও তাঁকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, রুবায়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ (The Difficult Bride) চলচ্চিত্রের প্রতিনিধি হয়ে ভেনিস উৎসবে যোগ দিতে ইতালি যান বাঁধন। গত সপ্তাহে উৎসবের অফিশিয়াল প্রদর্শনীর পর পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হলে সেখানে হামলার মুখোমুখি হন তিনি। ইতালির মেস্ত্রেতে ঘটা সেই ঘটনায় স্থানীয় পুলিশ ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় ইতালি পুলিশ প্রশাসন ইতিমধ্যেই মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।