১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৫৮:৩০ অপরাহ্ন


এবার নেইমারের বিরুদ্ধে অভিযোগ আনলেন তার নারী বাবুর্চি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৭ ১৬:৫৩:৩৪
এবার নেইমারের বিরুদ্ধে অভিযোগ আনলেন তার নারী বাবুর্চি ছবি: সংগৃহীত


ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন। এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার সাবেক এক ব্যক্তিগত বাবুর্চি। রিও ডি জেনিরোর শ্রম আদালতে দায়ের করা এই মামলার বিস্তারিত তথ্য ব্রাজিলিয়ান গণমাধ্যম 'মেট্রোপলিস' প্রকাশ করেছে।

মামলার নথিতে অভিযোগ করা হয়েছে যে, নেইমারের বিলাসবহুল মাঙ্গারাতিবা ম্যানশনে ওই নারীকে অত্যন্ত অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হতো। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা থাকলেও তাকে প্রায়ই দিনে ১৬ ঘণ্টা পর্যন্ত খাটতে হতো। কেবল নেইমার একাই নন, তার সঙ্গে থাকা প্রায় ১৫০ জন বন্ধু ও সঙ্গীর জন্য নিয়মিত খাবার তৈরির বিশাল দায়িত্ব ছিল ওই নারীর ওপর। অভিযোগ রয়েছে যে, সাপ্তাহিক ছুটির দিনেও তাকে রেহাই দেওয়া হতো না এবং কাজের চাপে অনেক সময় তিনি দুপুরের খাবার খাওয়ার সুযোগ পর্যন্ত পেতেন না।

দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা এবং সুপারমার্কেট থেকে ১০ কেজি মাংসসহ বাজারের ভারী ব্যাগ বহনের ফলে ওই নারী বর্তমানে পিঠের ব্যথা ও হিপ ইনফ্লামেশনের মতো দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছেন। বকেয়া বেতন, ওভারটাইম এবং চিকিৎসার খরচ মিলিয়ে তিনি নেইমারের কাছে প্রায় ২,৬২,০০০ ব্রাজিলিয়ান রিয়াল দাবি করেছেন। নেইমার বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন, তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।