১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০২:৪১ অপরাহ্ন


যশোরে তেল পাম্পে চাকরিজীবীদের অগ্রাধিকারের নির্দেশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৮ ১৯:৩১:৩৯
যশোরে তেল পাম্পে চাকরিজীবীদের অগ্রাধিকারের নির্দেশ ছবি: সংগৃহীত


যশোরের ঝিকরগাছায় জ্বালানি তেলের সংকট মোকাবিলা এবং জরুরি সেবা সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এখন থেকে উপজেলার ফিলিং স্টেশনগুলোতে চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক ও সরকারি-বেসরকারি চাকরিজীবীদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করা হবে। বুধবার (৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈশ্বিক সংকটের কারণে দেশে সৃষ্ট জ্বালানি পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে পেশাগত ও জরুরি কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্যই এই সিদ্ধান্ত। নির্দেশনা অনুযায়ী, ফিলিং স্টেশনগুলোতে সংশ্লিষ্ট পেশাজীবীরা তাদের বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করে আলাদা লাইনে দাঁড়িয়ে অথবা অগ্রাধিকার ভিত্তিতে তেল সংগ্রহ করতে পারবেন।

ইউএনও রনী খাতুন বলেন, "পেশাগত কাজে নিয়োজিত ব্যক্তিদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমাতে এবং জরুরি সেবাগুলো নিরবচ্ছিন্ন রাখতে এই অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পাম্পগুলোতে যাতে তেলের অপচয় না হয়, কেউ অপ্রয়োজনীয় মজুদ করতে না পারে এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে তেল বিক্রি নিশ্চিত হয়—সে বিষয়েও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।"

উপজেলা প্রশাসন থেকে সব ফিলিং স্টেশন মালিক ও ম্যানেজারদের এই নির্দেশনাটি পাম্পের দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য বলা হয়েছে। একই সঙ্গে বর্তমান সংকটময় সময়ে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতা করায় ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানায় প্রশাসন। এই উদ্যোগের ফলে জরুরি সেবায় নিয়োজিতদের যাতায়াত ও পেশাগত দায়িত্ব পালন আরও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।