১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৫:১৬ অপরাহ্ন


ভেনিসে সেরা পরিচালকের স্বীকৃতি পেলেন রুবাইয়াত হোসেন!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-১২ ১৮:৫৫:২৫
ভেনিসে সেরা পরিচালকের স্বীকৃতি পেলেন রুবাইয়াত হোসেন! স্বাধীন চলচ্চিত্র প্রখ্যাত নারী নির্মাতা রুবাইয়াত হোসেন I ছবি: সংগৃহীত


‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ও ‘হাওয়াই মিঠাই’ দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের জোড়া ঐতিহাসিক জয়

      বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ মঞ্চ ইতালির ঐতিহ্যবাহী ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় তুলে ধরলেন বাংলাদেশের দুই স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। ৮৩তম ভেনিস উৎসবে জোড়া আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক নতুন অধ্যায় সূচিত হলো।

প্রথমবারের মতো ভেনিসের অফিশিয়াল প্রতিযোগিতামূলক শাখা ‘অরিজন্তি’ (Orizzonti)-তে নির্বাচিত হয়ে আগেই ইতিহাস গড়েছিল প্রখ্যাত নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট BRIDE’ (The Difficult Bride)। উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতেই বিশ্ব গণমাধ্যম ও চলচ্চিত্র বোদ্ধাদের ভূয়সী প্রশংসা কুড়ানো এই সিনেমাটি এবার জয় করে নিয়েছে ইন্ডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ (Premio Bisato d'Oro)। এতে মর্যাদাপূর্ণ ‘সেরা পরিচালক’-এর স্বীকৃতি অর্জন করেছেন রুবাইয়াত হোসেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ভেনিসে এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হয়।

নারীর মনস্তত্ত্ব, নিজের শরীরের মালিকানা, স্বাধীনতা ও প্রচলিত লোককথার মনস্তাত্ত্বিক রূপায়ণ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রগুলোতে অনবদ্য অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী, আজমেরী হক বাঁধন, সুনেরাহ্ বিনতে কামাল এবং শতাব্দী ওয়াদুদ। ভেনিসের ঐতিহাসিক সাফল্যের পর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ (TIFF) বিশ্বের বেশ কয়েকটি শীর্ষ উৎসবে সিনেমাটি প্রদর্শিত হতে যাচ্ছে।

অন্যদিকে, ভেনিস উৎসবের সমান্তরালে অনুষ্ঠিত ‘সান অফ অ্যা পিচ অ্যাওয়ার্ড ২০২৬’ (Son of a Pitch Award 2026)-এ সেরা পরিচালকের খেতাব জিতে আরেক ইতিহাস গড়েছেন বাংলাদেশের তরুণ নির্মাতা রাকায়েত রাব্বি। তাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সুইটনেস অব এয়ার—হাওয়াই মিঠাই’ যুদ্ধের ভয়াবহ প্রেক্ষাপটে এক শিশুর নিষ্পাপ ও আবেগঘন মানবিক গল্প তুলে ধরেছে। ব্যবহৃত বুলেটের খোসার বিনিময়ে হাওয়াই মিঠাই কেনার সেই হৃদয়স্পর্শী গল্পটি বিচারকমণ্ডলীকে গভীরভাবে মুগ্ধ করে।

একই উৎসব ও আন্তর্জাতিক মঞ্চকে ঘিরে বাংলাদেশের দুই নির্মাতার এই জোড়া বিশ্ব স্বীকৃতি দেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য এক বিশাল মাইলফলক। রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ও রাকায়েত রাব্বির ‘হাওয়াই মিঠাই’-এর এমন অভাবনীয় অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গল্প বলার পরিধিকে আরও শক্তিশালী ও প্রসন্ন করল।