১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০৯:৪১ অপরাহ্ন


আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-১২ ১৪:৪৮:৩২
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান I ছবি: সংগৃহীত


সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন; তরুণ সমাজ ও শিক্ষার্থীদের দেশ গড়ার আহ্বান

       দেশের সার্বিক উন্নয়ন ও রাষ্ট্রকে নতুন করে পুনর্গঠনে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের, বিশেষ করে তরুণ সমাজের সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তবে তা সম্ভব। আমাদের তরুণ সমাজ যে পরিবর্তন আনতে পারে, সেটি ২০২৪ সালের ৫ আগস্ট সারাবিশ্বকে দেখিয়ে দিয়েছে।"

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

আজ ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী এই কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে একযোগে পরিচালিত হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি-বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা আমরা সমাধানের চেষ্টা করি। হয়তো আমরা শতভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ শতাংশ সমাধান করা সম্ভব।"

দেশের স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড এবং প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের কোটি কোটি শিক্ষার্থীর শক্তির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, "আমাদের স্কাউটস, বিএনসিসি এবং দেড় কোটির বেশি মাধ্যমিক ও উচ্চশিক্ষার শিক্ষার্থী এবং আড়াই কোটি প্রাথমিক শিক্ষার্থী রয়েছে। সবাই মিলে প্রতি সপ্তাহে মাত্র এক ঘণ্টা নিজের বাসা, স্কুল বা কর্মক্ষেত্র পরিষ্কার করলে দেশ দ্রুত পরিবর্তিত হবে।"

যত্রতত্র আবর্জনা ফেলা থেকে জনগণকে বিরত থাকার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "কথা একটাই—কাজ, কাজ আর কাজ। এবং পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন আর পরিচ্ছন্নতাই হতে হবে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য।"

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটি'র আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্কাউটস-বিএনসিসি সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। একই সাথে দেশের সকল জেলা ও উপজেলা প্রশাসন ভার্চুয়ালি অনলাইনে এই উদ্বোধনী কর্মসূচিতে যুক্ত ছিল।