১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৫৮:৩১ অপরাহ্ন


বগুড়ার উপনির্বানে যত ভোট পড়েছে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৯ ১৮:৪২:১০
বগুড়ার উপনির্বানে যত ভোট পড়েছে ছবি: সংগৃহীত


বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন ফলাফল গণনার কাজ চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানিয়েছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে এবং প্রাথমিক হিসাব অনুযায়ী ভোট পড়ার হার ৪২.৪৯ শতাংশ।

এই উপনির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আমিন তালুকদারের মধ্যে। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ‘ভোট জালিয়াতি’ ও ‘ফলাফল পাল্টানোর চেষ্টার’ গুরুতর অভিযোগ তুলেছেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

দুপুরে এক সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তা একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। তার দাবি, মালতিনগর ও সিটি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পোলিং অফিসাররা আগেভাগেই ব্যালট পেপারে সই করে রেখেছেন এবং এজেন্টদের কাছ থেকে অগ্রিম স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেছেন। যদিও এসব অভিযোগের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুন জানিয়েছেন, অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত করা হবে। বর্তমানে ১৫০টি কেন্দ্রে ভোট গণনা চলছে, যা শেষ হলেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।