১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৪:০৯ অপরাহ্ন


প্রাথমিকে বাধ্যতামূলক হচ্ছে ‘মার্শাল আর্ট’; চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের সিদ্ধান্ত
ক্রীড়া প্রতিবেদক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৮-০১ ১৯:৪৯:৪১
প্রাথমিকে বাধ্যতামূলক হচ্ছে ‘মার্শাল আর্ট’; চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের সিদ্ধান্ত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ I ছবি: সংগৃহীত


শিক্ষার্থীদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার দক্ষতা বাড়াতে উদ্যোগ; ব্ল্যাকবেল্ট প্রদান অনুষ্ঠানে ঘোষণা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

        দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, নিজস্ব শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা পাঠ্যক্রমে “মার্শাল আর্ট” অন্তর্ভুক্ত করা হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিজয় সরণির র‌্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত “ব্ল্যাক বেল্ট” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “মার্শাল আর্ট কেবল আত্মরক্ষার কৌশল নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গঠনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। একজন শিক্ষার্থী যখন আত্মরক্ষা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে নিজের ওপর আস্থা অর্জন করতে পারে, তখন সে যেকোনো অহেতুক সহিংসতা ও সংঘাত এড়িয়ে চলতে শেখে এবং সমাজে একজন গঠনমূলক নাগরিক হিসেবে ভূমিকা রাখতে সক্ষম হয়।”

তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও শারীরিক অনুশীলনের প্রসার অপরিহার্য উল্লেখ করে প্রতিমন্ত্রী সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত ও সুচারুভাবে সম্প্রসারণের জন্য একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করতে সকল কারাতে ও মার্শাল আর্ট সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি আশ্বস্ত করে বলেন, সরকার এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের নীতিগত ও অবকাঠামোগত সহযোগিতা প্রদান করবে।

অনুষ্ঠান শেষে কৃতিত্বের সঙ্গে ব্ল্যাকবেল্ট অর্জনকারী তরুণ কারাতেকাদের হাতে সনদপত্র ও ব্ল্যাকবেল্ট তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি নতুন ব্ল্যাকবেল্টধারীদের উষ্ণ অভিনন্দন জানান এবং তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।