১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৮:২৩ পূর্বাহ্ন


টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৮-০১ ১৯:১২:২০
টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাউদ্দিন কাজী সালাহউদ্দিন I ছবি: সংগৃহীত


ভুটানের থিম্পুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত সাবেক বাফুফে প্রধান; নেপালকে সেপ্টেম্বর পর্যন্ত সময় দিল সাফ

       বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শীর্ষ পথ থেকে সরে দাঁড়ালেও দক্ষিণ এশীয় ফুটবলের নির্বাহী ক্ষমতার শীর্ষ পদে নিজের রাজত্ব অক্ষুণ্ন রাখলেন কাজী সালাহউদ্দিন। টানা পঞ্চমবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

আজ শনিবার (১ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফের বার্ষিক সাধারণ সভায় (কংগ্রেস) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে পুনর্নির্বাচিত হন সাবেক এই ফুটবল তারকা।

বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ সংবাদমাধ্যমকে সালাউদ্দিনের এই পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৬ বছর বাফুফের সভাপতির দায়িত্ব পালন করেছেন সালাউদ্দিন। এর মাঝে ২০০৯ সালে তিনি প্রথমবার সাফের শীর্ষ পদে বসেন। সেই থেকে এই আঞ্চলিক ফুটবল সংস্থায় তাঁর একক আধিপত্য অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এবারের নির্বাচনে সভাপতি পদের মনোনয়ন জমা ও প্রত্যাহারের সময়সীমা মাসখানেক আগেই শেষ হলেও তিনি ছাড়া অন্য কেউ প্রার্থী হননি।

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র ও নেপালের ভাগ্য ঝুলছে

এদিকে সাফের এ কংগ্রেস সভায় আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার (FIFA) নিষেধাজ্ঞায় থাকায় টুর্নামেন্টের প্রাথমিক ড্র তালিকা থেকে বর্তমানে বাদ পড়েছে নেপাল। তবে সাফ কংগ্রেস সভায় নেপালকে তাদের প্রশাসনিক সংকট সামলে ওঠার জন্য আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

যদি নির্ধারিত সেপ্টেম্বর মাসের মধ্যে তাদের ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়, তবে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে সরাসরি বাংলাদেশ দলের গ্রুপেই যুক্ত হবে নেপাল। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।