১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৩৯:১৮ অপরাহ্ন


প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবনভোলানো হাসিতে মন জয় করা সেই তাহসিনের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-২৯ ১৮:৪৪:২৩
প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবনভোলানো হাসিতে মন জয় করা সেই তাহসিনের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান, তাহসিন আব্দুল্লাহ I ছবি: সংগৃহীত


মাইলস্টোন ট্র্যাজেডিতে বোনকে হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী; উপহার দিলেন বাস্কেটবল ও ড্রোন
     বড় বোনকে হারিয়ে দীর্ঘ সময় প্রানোচ্ছ্বল হাসি হারিয়ে ফেলা সেই ছোট্ট তাহসিন আব্দুল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছে। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭ জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে একটি আবেগঘন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। হাজারো শিশুর ভিড়ে স্কুলড্রেস পরা এক কিশোরের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে বাড়িয়ে দেওয়া দু’হাত আর মুখে ফুটে ওঠা নির্মল ও উচ্ছ্বসিত হাসি ছুঁয়ে যায় অসংখ্য মানুষের হৃদয়। সেই কিশোরটিই উত্তরার মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিন আব্দুল্লাহ।

তবে এই ভুবনভোলানো হাসির পেছনে লুকিয়ে ছিল এক গভীর স্বজন হারানোর বেদনা। ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ঘটনায় তাহসিন তার প্রাণের চেয়ে প্রিয় বড় বোন, অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়াকে হারায়। দুর্ঘটনার দিন বোনকে বাঁচানোর আকুতিতে স্যালাইন ও পানির বোতল হাতে ছোট্ট তাহসিনের অপেক্ষার দৃশ্য কাঁদিয়েছিল পুরো দেশকে। বোনকে হারানোর বিষাদে দীর্ঘ দিন তাঁর মুখের সেই প্রাণখোলা হাসি আর দেখা যায়নি।


খবর পেয়েই পরিবারের খোঁজ নেন প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে তাহসিনের সেই নিষ্পাপ হাসিমুখের পেছনের হৃদয়বিদারক গল্পটি জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় তাহসিন ও তার বাবাকে কার্যালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অত্যন্ত স্নেহের সঙ্গে তাহসিনের পড়াশোনা ও ভবিষ্যতের স্বপ্নের কথা জানতে চান। জবাবে তাহসিন জানায়, বড় হয়ে সে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং এমন কাজ করতে চায় যার মাধ্যমে মানুষের কল্যাণ সম্ভব হয়। প্রধানমন্ত্রী তার এই শুভ ভাবনার প্রশংসা করেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা ও নিয়মিত খেলাধুলা করার পরামর্শ দেন।

উপহারের ড্রোন ও বাস্কেটবল

তাহসিনের ফুটবলের প্রতি অনুরাগের কথা জানতে পেরে প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং একটি বিশেষ ড্রোনসেট তার হাতে উপহার হিসেবে তুলে দেন।


প্রধানমন্ত্রীর কাছ থেকে সারপ্রাইজ সাক্ষাৎ ও উপহার পেয়ে উচ্ছ্বসিত তাহসিন জানায়, এমন একটি সুযোগ পাওয়া তার কাছে কল্পনাতীত ছিল। স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে এই স্মৃতি ভাগ করে নেওয়ার জন্য সে মুখিয়ে আছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মাইলস্টোন দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, উপ প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।