১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৫:১১ অপরাহ্ন


অভিনয় ও গানে বিরতির পর ফিরছেন তাহসান; ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালনায়!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-২২ ১৫:৫৬:৫৬
অভিনয় ও গানে বিরতির পর ফিরছেন তাহসান; ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালনায়! তাহসান খান I ছবি: সংগৃহীত


‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার বাংলাদেশ পর্বের সঞ্চালক হিসেবে থাকছেন তাহসান খান; বিচারকের আসনে দেশের পাঁচ নন্দিত সংগীতশিল্পী
    
অভিনয় থেকে সাময়িক বিরতি এবং নতুন গান প্রকাশ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর ভক্তদের জন্য সুখবর নিয়ে আবারও পর্দায় ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে এবার চিরচেনা অভিনয় বা গানের মঞ্চে নয়, তিনি ফিরছেন সম্পূর্ণ নতুন এক ভূমিকায়—উপস্থাপক হিসেবে। আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কনটেস্ট’-এর বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালকের দায়িত্ব পালন করবেন তুমুল জনপ্রিয় এই তারকা।

প্রতিযোগিতাটিতে তাহসানের সঞ্চালনার পাশাপাশি বিচারকের আসনে থাকছেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ নন্দিত ও গুণী মুখ। তাঁরা হলেন—ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর। উল্লেখ্য, ১৯৫৬ সাল থেকে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ মিউজিক প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কনটেস্ট’। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এর আঞ্চলিক সংস্করণ ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে অংশ নিতে যাচ্ছে। আর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের যোগ্য প্রতিনিধি নির্বাচন করতেই ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর এই বিশেষ আয়োজন করা হয়েছে।

প্রাথমিক বাছাই পর্ব শেষে বর্তমানে সেরা ১২ জন প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং সেশন। আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবেন বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি। বিজয়ী এই শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এর মেগা আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবেন। এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস। সম্পূর্ণ প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ও গ্র্যান্ড ফিনাল সম্প্রচার করবে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।

আজ বুধবার (২২ জুলাই) ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে সঞ্চালক তাহসান এবং পাঁচ বিচারককে।

বিনোদন জগতের এই নতুন যাত্রার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সমানভাবে সক্রিয় রয়েছেন তাহসান খান। তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং সফরকালে সেখানকার রোহিঙ্গা তরুণদের আশা-আকাঙ্ক্ষা, জীবনের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গভীরভাবে মতবিনিময় করেন।