১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৫:২৫ অপরাহ্ন


আই লাভ বাংলাদেশ: অনুপম খের
সানজিদা নাসরিন
  • আপডেট করা হয়েছে : ২০২৫-০৫-১৬ ১৫:১৩:০৯
আই লাভ বাংলাদেশ: অনুপম খের ছবি: সাজ্জাদ হোসেন


অনুপম খের। চার দশকের অভিনয় ক্যারিয়ার। বিনিময়ে পেয়েছেন বিশ্বজোড়া দর্শকের ভালোবাসা। স্বীকৃতির বিচারেও ভারতের এমন কোনও পুরস্কার বাদ নেই, তার হাতে ওঠার। যার প্রায় সবটাই সম্ভব হয়েছে তার নান্দনিক আর বহুমাত্রিক অভিনয় দাপটে।

সেই মানুষটির দেখা মিললো এবারের ৭৮তম কান উৎসবে। ভূমধ্যসাগরের কানসৈকত ঘেঁষে পালে দে ফেস্টিভাল ভবনের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম-এর অংশ হিসেবে তার এই কান-পদচারণা। যেখানে প্রদর্শিত হয়েছে অনুপম খের নির্মিত ২য় সিনেমা ‘তানভি দ্য গ্রেট’। ঠিকই পড়েছেন, নির্মিত। প্রথম ছবি ‘ওম জয় জগদিশ’ (২০০২) নির্মাণের টানা ২৩ বছর পর ফের পরিচালকের চেয়ারে বসলেন এই অভিনেতা। যাতে তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন।

সেই হিসেবে চার দশকের অভিনয় ক্যারিয়ার পেরিয়ে এবারই প্রথম ৭০ বছর বয়সী নির্মাতা অনুপম খের অংশ নিয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। ছবিটির প্রদর্শনী শেষে পালে ভবনের ছাদে ক্যামেরার সামনে দাঁড়ান আন্তরিক এই অভিনেতা। তার আগে ঠিকঠাক জেনে নেন, বাংলাদেশের কথা। বলতে ভুল করেন না, ‘আই লাভ বাংলাদেশ’।

১৫ মে উৎসবের তৃতীয় দিন দুপুরে তিনি বাংলাদেশের ক্যামেরার সামনে দাঁড়ানোর পাশাপাশি অন্য গণমাধ্যমকর্মীদের সঙ্গেও নিজের অভিনয় জীবনের গল্প করেন। জানান, তার প্রথম জীবনের গল্প।

উল্লেখ্য, ফ্রান্সের কানসৈকতে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ১৩ মে, শেষ হবে ২৪ মে।