১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৪:০০ অপরাহ্ন


আর্জেন্টিনাকে ৬-১ গোলে হারানোর স্মৃতি থেকে স্পেনের অনুপ্রেরণা, এবার কী হবে?
ক্রীড়া প্রতিবেদক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-১৮ ১৭:০১:৪১
আর্জেন্টিনাকে ৬-১ গোলে হারানোর স্মৃতি থেকে স্পেনের অনুপ্রেরণা, এবার কী হবে?


২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের সেই কাঙ্ক্ষিত মহারণ প্রত্যক্ষ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা ফুটবল বিশ্ব। শিরোপা নির্ধারণী এই মেগা ম্যাচে মাঠে নামার আগে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেনের অতীত ইতিহাস ও পরিসংখ্যান নতুন করে ফুটবলপ্রেমীদের আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে, এই দুই দলের শেষবারের মুখোমুখি দেখায় আর্জেন্টনাক যেভাবে কাঁদিয়েছিল স্পেন, তা লা রোহাদের জন্য ফাইনালের আগে এক মস্ত বড় অনুপ্রেরণা হতে পারে। আন্তর্জাতিক সেই প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল স্পেন। আগামী রোববার (১৯ জুলাই) রাতে ঐতিহাসিক ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২০২৬ বিশ্বকাপের। সেই ম্যাচের ফল কী হবে, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও নিজেদের সবশেষ ম্যাচ থেকে স্প্যানিশরা বাড়তি আত্মবিশ্বাস পেতেই পারে।

আর্জেন্টিনা ও স্পেন সবশেষ একে অপরের মুখোমুখি হয়েছিল ২০১৮ সালের মার্চ মাসে। সেই ম্যাচে লা রোহারা ৬-১ গোলের এক বিশাল ব্যবধানে লা আলবিসেলেস্তেকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিল। তখন আর্জেন্টিনার বর্তমান সফল প্রধান কোচ লিওনেল স্কালোনি দলটির মূল কোচের দায়িত্বে ছিলেন না, তবে তিনি তৎকালীন প্রধান কোচ হোর্হে সাম্পাওলির কোচিং স্টাফের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সেই দলে উপস্থিত ছিলেন। অন্যদিকে, সেই ম্যাচে স্পেনের কোচের দায়িত্বে ছিলেন হুলেন লোপেতেগি, যিনি পরবর্তীতে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে অত্যন্ত নাটকীয় ও আকস্মিকভবে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন।

প্রীতি ম্যাচের পরিসংখ্যান স্পেনের পক্ষে কথা বললেও, বিশ্বকাপের মূল মঞ্চের ইতিহাস কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। ফুটবল বিশ্বকাপের সুদীর্ঘ আসরে এখন পর্যন্ত মাত্র একবারই এই দুই পরাশক্তি একে অপরের মুখোমুখি হতে পেরেছিল এবং সেই একমাত্র বিশ্বমঞ্চের দেখায় জয়ী হয়েছিল আর্জেন্টিনা। ১৯৬৬ সালের সেই ঐতিহাসিক ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলের ব্যবধানে স্পেনকে পরাজিত করে। সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে একাই দুটি দুর্দান্ত গোল করেছিলেন লুইস আর্তিমে এবং স্পেনের পক্ষে সাময়িক সমতা ফিরিয়েছিলেন পির্রি। তবে ওই বিশ্বকাপের আসরে স্পেন গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল, আর আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল। অতীতের এই বৈচিত্র্যময় পরিসংখ্যানের পর রবিবারের মেগা ফাইনালে শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে মাঠের চূড়ান্ত লড়াইয়েই।