১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৩৭:৪১ অপরাহ্ন


আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানে জামায়াতসহ ১১-দলীয় জোটের প্রতিনিধিদল
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-০২ ১৬:৫৯:০৯
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানে জামায়াতসহ ১১-দলীয় জোটের প্রতিনিধিদল ছবি: সংগৃহীত


 ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোটের একটি প্রতিনিধিদল আজ ইরানের উদ্দেশে রওনা হয়েছে। ইরান সরকারের বিশেষ আমন্ত্রণে প্রতিনিধিদলটি দেশটির বিভিন্ন শোকানুষ্ঠান ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবে।

বিশেষ এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। প্রতিনিধিদলে অন্য সদস্য হিসেবে রয়েছেন ডা. এস. এম. খালিদুজ্জামান, মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী, সাইদ উদ্দিন আহমাদ হানজালা এবং নাসীরুদ্দীন পাটওয়ারী। সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে প্রতিনিধিদলটি আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা, দাফন এবং শোকানুষ্ঠানে অংশ নেবে। এর পাশাপাশি ইরানের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতেও তাঁদের অংশ নেওয়ার কথা রয়েছে।

জামায়াতসহ ১১-দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মাধ্যমে ইরানের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করা হবে। একই সঙ্গে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা আগামীতে আরও জোরদার হবে বলেও তারা আশা প্রকাশ করেছে।

ইরানের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠান ৪ জুলাই তেহরানে শুরু হবে। পরে কোমে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাঁকে দাফন করা হবে। বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও ধর্মীয় প্রতিনিধিদের এই শোকানুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।