১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৮:১৩ অপরাহ্ন


ক্রিকেট দলের ব্যাটিং দুর্বলতা দূর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: জাতীয় সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
সংসদ প্রতিবেদক | ট্র্যান্ডনিউজবিডি | কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৬-৩০ ১৬:৪৩:২৭
ক্রিকেট দলের ব্যাটিং দুর্বলতা দূর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: জাতীয় সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির গতিশীল নেতৃত্বে ভবিষ্যতে দেশের ক্রিকেট উন্নয়নে আরও বড় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ করে জাতীয় দলের ব্যাটিং ইউনিট অতীতের যেকোনো সময়ের চেয়ে দলের সাফল্য অর্জনে আরও বেশি কার্যকর ও বাস্তবভিত্তিক ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে তিনি মনে করেন। আজ মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে (টেবিলে উপস্থাপিত) প্রতিমন্ত্রী এই তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এই প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপন করা হয়।

সংসদ সদস্য আবুল কালাম তাঁর প্রশ্নে জাতীয় ক্রিকেট দলের বারবার পরিলক্ষিত হওয়া ব্যাটিং-ব্যর্থতার বিষয়টি উস্থাপন করেন এবং দেশের জাতীয় মর্যাদাকে অনন্য উচ্চতায় নিতে দলের ব্যাটিংসহ অন্যান্য দুর্বলতাগুলো চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, একটি ক্রিকেট দলের সার্বিক সাফল্য মূলত দলগত ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং পারফরম্যান্সের ওপর নির্ভর করে, যার জন্য দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমানে বয়সভিত্তিক ক্রিকেট দলগুলো থেকে শুরু করে হাই পারফরম্যান্স (এইচপি), বাংলাদেশ ‘এ’ দল এবং বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের, বিশেষ করে ব্যাটসম্যানদের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল ও মানসিক দক্ষতা উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক মানসম্পন্ন দেশী-বিদেশী অভিজ্ঞ কোচ, ফিজিও, ট্রেইনার ও অ্যানালিস্ট নিয়োগের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ ও নিয়মিত পারফরম্যান্স মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যার ফলে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইতিবাচক ফলাফলও দেখা যাচ্ছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আরও বলেন, ক্রিকেটের সব ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স প্রদর্শন করছে এবং সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ক্রিকেট দলের বিরুদ্ধেও একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সিরিজে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। পুরুষ দলের পাশাপাশি বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলও সাম্প্রতিক সময়ে আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তান নারী জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে জয়লাভসহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দলগত পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের ক্ষেত্রেও ব্যাটসম্যানরা বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচ জয়ে অবদান রাখছেন। এর পাশাপাশি বয়সভিত্তিক টুর্নামেন্ট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার লিগসহ (ডিপিএল) ঘরোয়া ক্রিকেটের অন্যান্য আয়োজন থেকেও উদীয়মান ব্যাটসম্যানরা জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে অবদান রাখছেন, যা সার্বিকভাবে ক্রিকেট দলের ব্যাটিং ইউনিটকে আরও শক্তিশালী করছে।

এদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘হাডুডু আমাদের জাতীয় খেলা হলেও বর্তমান প্রজন্মের কাছে এর জনপ্রিয়তা কিছুটা কমেছে।’ এ ছাড়া, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রশিক্ষিত যুবক ও যুব নারীদের আত্মকর্মস্থানমূলক প্রকল্প গ্রহণ ও সম্প্রসারণের জন্য চাহিদার ভিত্তিতে যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ কর্মসূচির আওতায় ১ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক ঋণ সহায়তা প্রদান করা হয়ে থাকে।