১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩৬:১৬ অপরাহ্ন


ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দাবি ঢাকা রিপোর্টার্স ইউনিটির
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৮ ১৬:৪৭:০৯
ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দাবি ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছবি: সংগৃহীত


আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে ৫ দিনের ছুটির দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। রবিবার (৮ মার্চ) সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদ উদযাপিত হতে পারে এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার সরকারি চাকুরিজীবীরা টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন।

বিবৃতিতে ডিআরইউ নেতারা উল্লেখ করেন, যেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন, সেখানে সংবাদপত্রে মাত্র ৩ দিনের ছুটি দেওয়া বৈষম্যমূলক। এছাড়া ঈদের সময় হকাররা পত্রিকা বিক্রি না করায় পাঠকদের কাছে সংবাদপত্র পৌঁছানো সম্ভব হয় না। এই বাস্তবতায় এবং গত ঈদুল আজহায় ৫ দিনের ছুটির ধারাবাহিকতা বজায় রাখতে এবারও একই সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে। সংবাদকর্মীদের ঈদ আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ দিতে এই বর্ধিত ছুটি অত্যন্ত জরুরি বলে মনে করছে সংগঠনটি।