১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৩৯:১৯ অপরাহ্ন


স্ত্রী আফরা ইভনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ড মঞ্জুর!
আদালত প্রতিবেদক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৬-২৪ ১৮:৪০:৪২
স্ত্রী আফরা ইভনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ড মঞ্জুর! অভিনেতা জাহের আলভী। ছবি: সংগৃহীত


স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) এর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুণী মীরের আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর বিভাগের পরিদর্শক মো. আব্দুল মালেক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের এই বিষয়টি নিশ্চিত করেছেন সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হারুনুর রশিদ।

এর আগে, গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন অভিনেতা জাহের আলভী। তবে শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বজনরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইকরার মৃত্যুর এই ঘটনার পর তাঁর বাবা কবির হায়াত খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং আলভীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, এই একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন। বর্তমানে ডিবি পুলিশ এই ঘটনার পেছনে থাকা মূল কারণ উদঘাটনে অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছে।