১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:০১:৫৯ পূর্বাহ্ন


কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ নয়: স্পিকার
সংসদ প্রতিবেদক | ট্র্যান্ডনিউজবিডি | কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৬-২৩ ১৮:৫১:৩৩
কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ নয়: স্পিকার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ I ছবি: সংসদ টিভির ভিডিও থেকে


মন্ত্রীদের সংসদ অধিবেশনে যথাসময়ে উপস্থিত থাকার কঠোর তাগিদ দিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশনই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। আজ মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার তোলা এক প্রশ্নের জবাবে স্পিকার এই মন্তব্য করেন। আজ অধিবেশনের শুরুতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদে অনেক মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এবং বিষয়টি সংসদের মেজাজের সঙ্গে যায় কি না, তা নিয়ে স্পিকারের সিদ্ধান্ত দাবি করেন।

পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সংসদকে প্রাণবন্ত রাখতে শুরু থেকেই স্পিকার আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, যে মন্ত্রণালয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি সংসদ কক্ষে উপস্থিত থাকেন না। জ্যেষ্ঠ নেতাদের এমন অনুপস্থিতি তাঁদের আহত করে। এছাড়া সংসদ কক্ষের ভেতরে কোনো কোনো জায়গায় চার-পাঁচজন মিলে ছোট ছোট গ্রুপে কথা বলা নিয়েও তিনি আপত্তি জানান। এর আগে গতকাল সোমবারও মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে বিরোধী দল প্রশ্ন তুললে চিফ হুইপ জানিয়েছিলেন যে মন্ত্রীরা বিভিন্ন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন।

আজ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিফ হুইপের উদ্দেশে বলেন, "আপনি মাননীয় মন্ত্রীদের বলবেন, তাঁরা যেন সংসদে যথাসময়ে আসেন। সংসদ সদস্যের যেসব বক্তব্য তাঁদের মন্ত্রণালয়-সম্পর্কিত, সেগুলোর ব্যাপারে তাঁরা অন্তত শুনবেন এবং যদি সম্ভব হয় তার প্রতিকার করার চেষ্টা করবেন।" একই সঙ্গে সংসদ কক্ষে ছোট ছোট গ্রুপে কথাবার্তা বলা থেকে বিরত থেকে সংসদ সদস্যদের যথাসম্ভব নিজ আসনে বসে সংসদ কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ জানান স্পিকার।

প্রসঙ্গত, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। তবে বিরোধীদলীয় নেতা যখন সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, সে সময় সংসদ কক্ষে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ ১০-১১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস ও গুজব প্রসঙ্গ

আজকের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সংসদকে জানানোর আহ্বান জানান। একই সঙ্গে ঋণখেলাপি হওয়ার অভিযোগে সংসদ নির্বাচনে বিএনপির দুজন প্রার্থীর ফলাফল নিয়ে চলমান মামলা এবং মির্জা আব্বাসের ব্যাপারে শরিফ ওয়ান বিন হাদি প্রসঙ্গে ছড়ানো গুজব নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করেন। তিনি বলেন, এই গুজবের আগুনে সর্বশেষ ঘি ঢেলেছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য।

এর জবাবে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, দুজন সংসদ সদস্যের বিষয়টি বর্তমানে বিচারাধীন। এর বাইরের যেসব বিষয় প্রয়োজনীয় নয়, সেগুলো নিয়ে পয়েন্ট অব অর্ডারের নামে যাতে সংসদের সময় নষ্ট না করা হয়, সেদিকে দৃষ্টি দিতে তিনি স্পিকারের প্রতি আহ্বান জানান। পরবর্তীতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্পষ্ট জানিয়ে দেন, মির্জা আব্বাস চিঠি দিয়ে জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে। বাকি কে কী বলেছে, কার সম্পর্কে কী গুজব—এসব নিয়ে জাতীয় সংসদে সময় নষ্ট করা যাবে না। গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয় উল্লেখ করে তিনি পয়েন্ট অব অর্ডারে কেবল চলমান সংসদীয় বিষয়ে কথা বলার অনুরোধ জানান।