১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৮:৩৭ অপরাহ্ন


দীর্ঘ বিরতির পর আবারও একসাথে মিলা-ফুয়াদ জুটি: আগামীকাল আসছে ‘কান্ডারি চল’
বিনোদন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৬-২৩ ১৭:১৩:২২
দীর্ঘ বিরতির পর আবারও একসাথে মিলা-ফুয়াদ জুটি: আগামীকাল আসছে ‘কান্ডারি চল’


ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতায়োজনে ‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে’ এবং ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’র মতো কালজয়ী গান দিয়ে একসময় দেশের অডিও বাজারে ব্যাপক সাড়া ফেলেছিলেন পপ তারকা মিলা। দীর্ঘ বিরতির পর আবারও এই জনপ্রিয় জুটি একসঙ্গে ফিরছেন। ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব সামনে রেখে তৈরি করা তাঁদের নতুন ফুটবল-ভিত্তিক গান ‘কান্ডারি চল’ আগামীকাল একযোগে প্রকাশিত হতে যাচ্ছে।

নতুন এই গানটি নিয়ে সোমবার সকালে উচ্ছ্বাস প্রকাশ করে মিলা বলেন, "ফুয়াদ ভাইয়ের সঙ্গে করা গানগুলো আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে আছে। 'তুমি কি সাড়া দেবে' কিংবা 'রূপবানে নাচে কোমর দুলাইয়া' গানগুলোর কথা এখনো শ্রোতারা আমাকে মনে করিয়ে দেন। এত বছর পর বনানীর একটি স্টুডিওতে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে সেই পুরোনো দিনগুলোর কথা বারবার মনে পড়ছিল। বলতে পারেন 'কান্ডারি চল' শুধু একটি নতুন গান নয়, এটি আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, স্মৃতি আর নতুন করে একসঙ্গে কাজ করার আনন্দেরও প্রকল্প।" মিলা আরও জানান, এই গানের কাজ শেষ করে ফুয়াদ ইতিমধ্যে আমেরিকায় ফিরে গেছেন। তবে তাঁদের মাঝে আরও কিছু নতুন গানের পরিকল্পনা হয়েছে। গানটি প্রকাশের পর দেশের বিভিন্ন কনসার্ট ও বিশেষ আয়োজনে ফুয়াদের সঙ্গে আবারও একসঙ্গে মঞ্চে ওঠার পরিকল্পনাও রয়েছে তাঁদের, যার মাধ্যমে দীর্ঘদিন পর এই জনপ্রিয় জুটিকে লাইভ পারফরম্যান্সে দেখার সুযোগ পাবেন ভক্তরা।

ওদিকে আমেরিকা থেকে মেসেঞ্জারের মাধ্যমে ফুয়াদ আল মুক্তাদির নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, "অনেক দিন পর মিলার কণ্ঠ আর আমার সুর-সংগীত দারুণ জমেছে। ওর সঙ্গে আবার কাজ করার অভিজ্ঞতাটাও চমৎকার। আমাদের একসঙ্গে করা গানগুলো আজও মানুষের ভালোবাসা পায়। এত বছর পর আবার একসঙ্গে কাজ করতে গিয়ে পুরোনো অনেক স্মৃতি ফিরে এসেছে। আর 'কান্ডারি চল' কোনো নির্দিষ্ট দল বা দেশের জন্য তৈরি করা হয়নি; এটি ফুটবলকে ভালোবাসা প্রত্যেক মানুষের জন্য। আমরা ফুটবলকে শুধু একটি খেলা নয়, মানুষের স্বপ্ন, বন্ধুত্ব, প্রতিযোগিতা, আনন্দ আর আবেগের এক সম্মিলিত উদ্‌যাপন হিসেবে তুলে ধরতে চেয়েছি।"

জানা গেছে, ‘কান্ডারি চল’ গানের মিউজিক ভিডিওর কাজও ইতিমধ্যে সম্পূর্ণ শেষ হয়েছে এবং গান ও ভিডিও একযোগে প্রকাশ করা হবে। ভিডিওটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং প্রযোজনা করেছে রানআউট ফিল্মস। গানটিতে মিলা ও ফুয়াদের পাশাপাশি আরও কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী অলিবয় ও র‍্যাপার ব্ল্যাক জ্যাং। গানটির কথা যৌথভাবে লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ, অলিবয় ও ব্ল্যাক জ্যাং।