১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০৯:৪১ অপরাহ্ন


সাংবাদিকতার জন্য দ্রুত নীতিমালা ও আচরণবিধি প্রণয়নের উদ্যোগ
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৬ ১৯:২১:১১
সাংবাদিকতার জন্য দ্রুত নীতিমালা ও আচরণবিধি প্রণয়নের উদ্যোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদুর রহমান। ছবি: সংগৃহীত


অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত বিস্তারের প্রেক্ষাপটে সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদুর রহমান। তিনি বলেন, একইসঙ্গে তথ্য কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহেদুর রহমান বলেন, বর্তমান বাস্তবতায় সাংবাদিকতার পেশাগত মান ও দায়বদ্ধতা নিশ্চিত করতে একটি কার্যকর নীতিমালা ও রেগুলেটরি কাঠামো জরুরি হয়ে উঠেছে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

সাংবাদিকদের তথ্যপ্রাপ্তিতে রাজনৈতিক চাপের বিষয়ে তিনি বলেন, ডিসিদের সঙ্গে আলোচনায় এ ধরনের কোনো বিষয় ওঠেনি। বরং ডিজিটাল মিডিয়ার বিস্তার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট চ্যালেঞ্জগুলোই আলোচনার মূল বিষয় ছিল।

তিনি বলেন, অনলাইনভিত্তিক গণমাধ্যম সহজলভ্য হওয়ায় সেখানে নীতিমালার ঘাটতি রয়েছে। জেলা প্রশাসকদের পক্ষ থেকেও সাংবাদিকতার জন্য নির্দিষ্ট মানদণ্ড ও আচরণবিধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে, যাতে মাঠপর্যায়ে প্রশাসন ও গণমাধ্যম উভয়ই সুফল পায়।

সরকারের তথ্যপ্রকাশ ও স্বচ্ছতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তথ্য গোপনের প্রবণতা থেকে সরে আসার নীতিতে রয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন কার্যকর না থাকা তথ্য কমিশনকে দ্রুত পুনর্গঠন করা হবে এবং কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে, যাতে তথ্যপ্রাপ্তি সংক্রান্ত অভিযোগগুলো কার্যকরভাবে নিষ্পত্তি করা যায়।

গুজব ও অপতথ্য মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদারে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় জেলা পর্যায়ের তথ্য অবকাঠামোকে সমন্বিত করা হবে এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা হবে।

ডা. জাহেদুর রহমান বলেন, প্রশাসন, গণমাধ্যম ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ের মাধ্যমে দেশে আরও উন্মুক্ত ও কার্যকর তথ্যপ্রবাহ নিশ্চিত করা সম্ভব।