১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৮:২০ অপরাহ্ন


জেলা স্টেডিয়ামগুলোতে বড় সংস্কার পরিকল্পনা, খেলাধুলায় নতুন জোয়ার আনতে চায় সরকার
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৬ ১৪:১৪:০৯
জেলা স্টেডিয়ামগুলোতে বড় সংস্কার পরিকল্পনা, খেলাধুলায় নতুন জোয়ার আনতে চায় সরকার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দেশের জেলা পর্যায়ের সব স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স সংস্কার করে পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে সারাদেশে খেলাধুলার পরিবেশকে আরও গতিশীল করে তোলাই মূল লক্ষ্য।

বুধবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় দেশের বিভিন্ন জেলার অনেক স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স অব্যবস্থাপনায় পড়ে আছে। এসব স্থাপনা সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তুলতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে হলে স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়াতে হবে। এ কারণে স্টেডিয়ামগুলোকে কার্যকরভাবে ব্যবহার করে নতুন খেলোয়াড় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

যুব উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সরকার তরুণদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন দক্ষতাভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আমিনুল হক বলেন, তৃণমূল পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম উদ্বোধন করেছেন, যা দেশের ৬৪ জেলায় একযোগে চলছে। এই উদ্যোগের মাধ্যমে সারাদেশে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্টেডিয়ামগুলোতে মেলা বা অন্যান্য বাণিজ্যিক আয়োজনের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে এ ধরনের কোনো অনুমোদন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও খেলাধুলার মাঠে মেলা বসতে দেওয়া হবে না।