১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৫:১৪ অপরাহ্ন


অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে: মাহদী আমিন
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৬ ১৪:০৭:০৯
অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সংগৃহীত


অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও জ্বালানি খাতে বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে আয়োজিত ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন জানান, জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা, আন্তর্জাতিক দরকষাকষি এবং বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এর ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত রাখা সম্ভব হয়েছে এবং তেলের দামও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার প্রতিটি সংকটকে সুযোগ হিসেবে নিয়ে দেশের অগ্রগতি নিশ্চিত করার চেষ্টা করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন এবং এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মাহদী আমিন আরও বলেন, বর্তমানে সংসদে প্রাণবন্ত আলোচনা হচ্ছে, যেখানে সরকার ও বিরোধী দল উভয়েই দেশের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে খোলামেলা মতবিনিময় করছেন। এটি গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে বলে তিনি মনে করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সরকারের কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি অর্জন করছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশে পারস্পরিক সহাবস্থান, মানবাধিকার, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা হবে।