১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:২৩:৩৮ পূর্বাহ্ন


তামিলনাড়ুতে ঐতিহাসিক জয়ের পথে বিজয়
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৪ ২০:০০:০৭
তামিলনাড়ুতে ঐতিহাসিক জয়ের পথে বিজয় ছবি: সংগৃহীত


তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন ভোরের ইঙ্গিত দিয়ে ঐতিহাসিক সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপাতি বিজয়। তার নবগঠিত দল 'তামিলাগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) বিধানসভা নির্বাচনে অভাবনীয় পারফরম্যান্স প্রদর্শন করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এককভাবে লড়াই করে বিজয় ১১০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছেন, যা তাকে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবার সামনে নিয়ে এসেছে।

ছেলের এই ঐতিহাসিক উত্থানে বিজয়ের চেন্নাইয়ের বাসভবনে এখন উৎসবের আমেজ। বিজয়ের মা শোভা চন্দ্রশেখর এবং বাবা এস. এ. চন্দ্রশেখর অত্যন্ত আনন্দিত। বিজয়ের বাবা জানান, গত ৩০ বছর ধরে তামিলনাড়ুর মানুষের জন্য কিছু করার যে স্বপ্ন বিজয় লালন করেছিলেন, আজ তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। কোনো বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট না করে নিজের শক্তিতে লড়াই করার যে সাহসী সিদ্ধান্ত বিজয় নিয়েছিলেন, ভোটাররা তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। তার পরিবার মনে করে, সাধারণ মানুষের সঙ্গে বিজয়ের আত্মার সম্পর্ক এবং বিশেষ করে নারী ও বয়স্কদের ভালোবাসা তাকে এই সাফল্যে পৌঁছে দিয়েছে।

গত ২৩ এপ্রিল এক দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে ম্যাজিক ফিগার ১১৮-এর খুব কাছে পৌঁছে গেছে টিভিকে। বর্তমানে ১০৯টি আসনে জয়ের সুনিশ্চিত ইঙ্গিত মেলায় রাজনৈতিক বিশ্লেষকরা একে ‘বিজয় বিপ্লব’ হিসেবে অভিহিত করছেন। সবকিছু ঠিক থাকলে, খুব শীঘ্রই রূপালি পর্দার থালাপাতিকে বাস্তব জীবনের জননেতা ও মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে পাবে তামিলনাড়ু। কেবল একজন তারকা হিসেবে নয়, সমাজ নিয়ে তার গভীর ভাবনা এবং মানুষের প্রতি দায়বদ্ধতাই এই বিশাল পরিবর্তনের মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে।