১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০২:১২:২২ পূর্বাহ্ন


জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যায় দাম্পত্য কলহের আভাস
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০২-২৮ ১৮:১৩:৩০
জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যায় দাম্পত্য কলহের আভাস


রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যার ঘটনায় এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তাঁদের দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের সাম্প্রতিক কলহ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ব্যক্তিগত জীবনের নানা অমীমাংসিত বিষয় সামনে আসছে। বিশেষ করে মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে ফেসবুকে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মন্তব্য এই মৃত্যুকে ঘিরে গভীর রহস্যের সৃষ্টি করেছে। ঘটনার কয়েক ঘণ্টা আগে জাহের আলভী তাঁর ফেসবুক পেজে একটি রহস্যময় স্ট্যাটাস দেন, যেখানে তিনি লিখেছিলেন, ‘ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলেনা’। আলভীর এই পোস্টের নিচে ইকরা অত্যন্ত আবেগপ্রবণ ও দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ মেশানো একটি মন্তব্য করেন। তিনি লেখেন, ‘ভুল করলে মাফও মিলেনা, মুক্তিও মিলেনা। ভুল স্বীকার করতে পারলা, আমীন। আমার আমিকে মুক্ত করে দিলাম, আবার কষ্ট কেন?’ ইকরার এই মন্তব্যটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা থেকে স্পষ্ট আভাস পাওয়া যায় যে তিনি চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং নিজেকে এই পৃথিবী থেকে ‘মুক্ত’ করার সিদ্ধান্ত হয়তো তখনই নিয়ে ফেলেছিলেন।

এর আগেও আলভীর বিভিন্ন আনন্দঘন পোস্টের নিচে ইকরা আক্ষেপ করে মন্তব্য করতেন। কখনো অবহেলার অভিযোগ তুলতেন, আবার কখনো নিজের একাকীত্ব নিয়ে আক্ষেপ করতেন। ইকরার করা এসব মন্তব্যে বারবার ফুটে উঠত যে, পর্দার সামনে আলভী যতটা জনপ্রিয়, নিজের ঘরে তিনি একজন দায়িত্বশীল স্বামী হিসেবে ইকরাকে পর্যাপ্ত সময় বা মানসিক প্রশান্তি দিতে পারছিলেন না। দীর্ঘদিনের এই চাপা অভিমান তাঁদের কলহকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল বলে মনে করছেন অনেকেই।

বর্তমানে শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন জাহের আলভী। সেখান থেকেই এক ফেসবুক পোস্টে তিনি স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং দ্রুত দেশে ফেরার আকুতি জানান। তবে ব্যক্তিগত কলহ বা ইকরার মন্তব্যের বিষয়ে তিনি সরাসরি কোনো কথা বলেননি। আলভী তাঁর পোস্টে লিখেছেন যে, তিনি বুঝতে পারছেন না তাঁদের সন্তান আর তাঁর কথা না ভেবে ইকরা কেন এভাবে চলে গেলেন। পল্লবী থানা পুলিশ জানায়, তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।